কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা সানড্যান্স ইনস্টিটিউট ঘোষণা করেছে প্রথমবারের মতো প্রবর্তিত ‘সানড্যান্স ইনস্টিটিউট ফিল্মমেকারস ফান্ড’। যেখানে নির্বাচিত হয়েছে ১০টি সিনেমা প্রজেক্ট।
এই ফান্ডের মাধ্যমে বিশ্বব্যাপী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করা শিল্পীদের মাঝে ১,২০,০০০ মার্কিন ডলার অনুদান প্রদান করছে। নির্বাচিতরা আসছেন ইনস্টিটিউটের ছয়টি প্রোগ্রাম থেকে: ফিচার ফিল্ম প্রোগ্রাম, ডকুমেন্টারি ফিল্ম প্রোগ্রাম, ইন্ডিজেনাস প্রোগ্রাম, ক্যাটালিস্ট, আর্টিস্ট এক্সিলারেটর প্রোগ্রাম এবং ইগনাইট।
এই অনুদান ইনস্টিটিউটের আর্টিস্ট এক্সিলারেটর প্রোগ্রাম-এর অংশ, যা সারা বছরব্যাপী ফেলোশিপ, অর্থায়ন এবং শিল্পীদের জন্য সহায়তা প্রদান করে শিল্প বিকাশকে উৎসাহিত করে।
আর্টিস্ট এক্সিলারেটর প্রোগ্রাম ও উইমেন অ্যাট সানড্যান্স ইনস্টিটিউট পরিচালক হাজনাল মলনার-সজাকাচ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ২০২৫ সালের প্রথম অনুদান প্রাপকদের নাম ঘোষণা করছি। এই অংশীদারিত্ব আমাদের শিল্পীদের গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে সক্ষম করছে, যাতে তারা সাহসী ও সৃজনশীল ঝুঁকি নিতে পারে এবং তাদের শক্তিশালী গল্পগুলোকে জীবন্ত করে তুলতে পারে। এই ১০টি প্রজেক্ট সানড্যান্সের শিল্পী সম্প্রদায়ের বৈচিত্র্য, উদ্ভাবন এবং শৈল্পিক উৎকর্ষতার প্রতিফলন।’
২০২৫ সালে অনুদানের জন্য চূড়ান্ত হয়েছেন যারা ও যে কারণে-
১.
রনি জো ড্র্যাপার (সহ-পরিচালক) এবং মারিসা লিলা কংগাও (সহ-পরিচালক ও সিনেমাটোগ্রাফার)
উই অ্যারাইভ উইথ ফায়ার
যুক্তরাষ্ট্র
ইউরক জনগণ হাজার বছর ধরে ভূমি রক্ষায় আগুন ব্যবহার করে আসছিল। তবে উপনিবেশ স্থাপনকারীরা তা নিষিদ্ধ করে দিলে প্রকৃতি ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখন ইউরক জনগণ ভূমিকে আরোগ্য দিতে সেই ঐতিহ্য ফিরিয়ে আনছে।
২.
ক্রিস গ্রিস (পরিচালক)
ফরোয়ার্ড
যুক্তরাষ্ট্র
হ্যাম্পটনের শ্রমজীবী এলাকায় চলে আসা লাতিনা কিশোরী আনা রহস্যময়ী বেলা’র প্রেমে পড়ে। গ্রীষ্মের রাতে রোলার-স্কেটিংয়ে মাতোয়ারা বেলার সান্নিধ্যে আনা প্রেম ও পরিচয়ের জটিল পথে পা বাড়ায়।
৩.
কাওয়েন্নাহেরে ডেভেরি জ্যাকবস (লেখক-পরিচালক)
হাই স্টিল
কানাডা ও যুক্তরাষ্ট্র
এক মোহক ব্যক্তি পরিবারসহ রিজার্ভেশন ও নিউইয়র্ক সিটির আয়রনওয়ার্কের মাঝে দ্বৈত জীবন কাটায়। একজন তরুণ ফটোগ্রাফারের প্রেমে পড়লে তার পরিচয় ও দ্বৈত জীবন চ্যালেঞ্জের মুখে পড়ে।
৪.
মাসামি কাওয়াই (লেখক-পরিচালক ও প্রযোজক)
ভ্যালি অব দ্য টল গ্রাস
যুক্তরাষ্ট্র
একটি পুরনো টিভি/ভিসিআর সেট বিভিন্ন আদিবাসী পরিবারের জীবনে ঘুরে বেড়ায়, আর তাদের গল্প একে অপরের সঙ্গে যুক্ত করে।
৫.
খাওলা হায়দার মালিক (লেখক-পরিচালক)
অ্যালিয়েন ন্যাশন
যুক্তরাষ্ট্র
এক পাকিস্তানি অভিবাসী দম্পতি অবসর নিয়ে আকাশে রহস্যময় আলো খুঁজতে বের হন, যা তাদের দাম্পত্যের দূরত্ব ও অভিবাসী জীবনের অর্থ উন্মোচন করে।
৬.
ম্যাকি মালিসন (লেখক-পরিচালক ও প্রযোজক)
এভরিথিং মাস্ট গো
যুক্তরাষ্ট্র
উদ্বেগ ও স্বপ্নের দ্বারা আবদ্ধ এক জাপানি-আমেরিকান পরিবার মৃত্যুপথযাত্রী মাতৃতন্ত্রকে বিদায় জানাতে সংগ্রাম করে।
৭.
এফ্রাইন মজিকা (সহ-পরিচালক) ও রেবেকা জোয়েইগ (সহ-পরিচালক ও প্রযোজক)
জারিপিও
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
মেক্সিকোর মিচোয়াকানের রোডিও সংস্কৃতিতে পৌরুষ-প্রধান ঐতিহ্যের আড়ালে লুকিয়ে থাকে সমকামী সম্পর্কের গল্প।
৮.
স্টিভ পারগেট (প্রযোজক)
ব্ল্যাকড আউট ড্রিমস
যুক্তরাষ্ট্র
সাত বছর ধরে তিনজন কৃষ্ণাঙ্গ কিশোর ফ্লিন্ট শহরে বড় হয়, যেখানে তারা শিক্ষা সংকট, ভালোবাসা ও ভবিষ্যতের খোঁজে এগিয়ে চলে।
৯.
হুদা রাজ্জাক (লেখক-পরিচালক)
হোম অব দ্য বার্ডস
যুক্তরাষ্ট্র
১৯৬৩ সালের ইরাকে এক ছোট নাইটিঙ্গেল পাখি ও তার উড়তে অক্ষম দাদু এক মানব পরিবারের সঙ্গে কল্পনাপ্রসূত ভ্রমণে বের হয়, হারানো পরিবারকে খুঁজে পেতে।
১০.
ওয়াল্টার থম্পসন-হার্নান্দেজ (লেখক-পরিচালক)
ইফ আই গো উইল দে মিস মি
যুক্তরাষ্ট্র
লস অ্যাঞ্জেলেসে এক কিশোর তার দূরবর্তী বাবার সঙ্গে সংযোগ খুঁজতে গিয়ে অদ্ভুত দর্শনের শিকার হয়, যেখানে সে তার সম্প্রদায়ে ভাসমান কৃষ্ণাঙ্গ কিশোরদের আত্মা দেখতে শুরু করে।