জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসাবে ‘শাপলা কলি’ নেবে বলে জানিয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জনতার মধ্যে ইতোমধ্যেই “শাপলা” প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এখন যুক্ত হচ্ছে “কলি”। আমরা ইনশাআল্লাহ “শাপলা কলি” নিচ্ছি। পুরো বাংলাদেশের মানুষ ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি— আপনারা যে যেখানে প্রার্থী হতে চান, আপনারা নিজ নিজ নির্বাচনী প্রস্তুতি নিন।’
তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশন যদি প্রজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি জারি করে, তাহলে আমরা “শাপলা কলি” প্রতীকেই যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ এখন পুরো দেশের সামনে স্পষ্ট হয়েছে। তবে আমরা প্রতীক নিয়েই পড়ে থাকতে চাই না। বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’