শাটিকাপ, সিনপাটের পর ‘দেলুপি’ নিয়ে আসছেন তাওকীর

শাটিকাপ, সিনপাটের পর ‘দেলুপি’ নিয়ে আসছেন তাওকীর

ওটিটি প্লাটফর্মে আলোচিত দুই মৌলিক সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ দিয়ে আলোচনায় এসেছিলেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এবার তিনি বড় পর্দায় আসছেন। নির্মাণ করেছেন সিনেমা। এর নাম রেখেছেন ‘দেলুপি’।

তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়। বরং একইসঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ রাজশাহী শহরকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল, যা সমালোচক ও দর্শক দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’। এটি দিয়ে আরও একবার নিজেকে আলোচনায় আনেন তরুণ এই পরিচালক।

এবার তার নতুন যাত্রা ‘দেলুপি’ নিয়ে। সিনেমাটির শুটিং থেকে শুরু করে অভিনয় শিল্পী-সবই স্থানীয়। গল্পেই লুকিয়ে আছে সিনেমার শক্তি। তাওকীর বলেন, ‘আমি সবসময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ মূলত সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ। আমার কাছে সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল সত্যিকার অনুভূতি তুলে ধরা।’

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ঘোষণা দেওয়া হয় তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’-র।

‘দেলুপি’ সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

এমআই/এলআইএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin