সবুজবাগ থেকে ককটেলসহ দুইজন গ্রেপ্তার

সবুজবাগ থেকে ককটেলসহ দুইজন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে ককটেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন- মো. রাকিব হোসেন (২৭) এবং মাহাবুব (২০)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সবুজবাগ থানার বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার মো. রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসসি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin