সহকর্মীদের অশ্রুসিক্ত শ্রদ্ধায় ফায়ার ইন্সপেক্টর নাঈমের জানাজা

সহকর্মীদের অশ্রুসিক্ত শ্রদ্ধায় ফায়ার ইন্সপেক্টর নাঈমের জানাজা

সহকর্মীদের অশ্রুসিক্ত শ্রদ্ধার মধ্য দিয়ে জানাজা সম্পন্ন হলো গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. খন্দকার জান্নাতুল নাঈম। কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে অগ্নিনির্বাপণের দায়িত্ব পালনকালে অগ্নিদগ্ধ হন নাঈম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুনসহকর্মীদের শেষ শ্রদ্ধায় ফায়ার ফাইটার নুরুল হুদার জানাজাটঙ্গীর আগুনে এবার চলে গেলেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাঈম জানাজার আগে জান্নাতুল নাঈমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর খন্দকার জান্নাতুল নাঈমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। একপর্যায়ে নাঈমের শ্বশুর আবেগঘন কণ্ঠে বক্তব্যে সবার কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

এরপর অগ্নিনির্বাপণের দায়িত্ব পালনকালে নিজের জীবন উৎসর্গ করা শহীদ খন্দকার জান্নাতুল নাঈমকে শেষবারের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখেন ও শ্রদ্ধা জানান সহকর্মীরা। পরে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা গ্রামের পথে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন এই বীর অগ্নিসেনা।

কেআর/কেএসআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin