ফিল সল্ট ও হ্যারি ব্রুকের আগুনঝরা ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬৫ রানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
সল্ট-ব্রুকের ৬৯ বলে ১২৯ রানের বিধ্বংসী জুটিতে ৪ উইকেটে ২৩৬ রান তোলে ইংল্যান্ড। যা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ।
ওপেনার সল্ট তার দুর্দান্ত ফর্ম ধরে রেখে উপহার দেন ৫৬ বলে ৮৫ রানের ইনিংস। তাতে ছিল ১১টি চার ও ১টি ছয়। তবে অধিনায়ক ব্রুক ছিলেন আরও ধ্বংসাত্মক। মাত্র ৩৫ বলে খেলেছেন ৭৮ রানের ইনিংস, যাতে ছিল পাঁচটি ছক্কা ও ৬টি চার।
নিউজিল্যান্ডের অস্বাভাবিকভাবে দুর্বল ফিল্ডিংয়ের পুরো সুযোগ নিয়েছেন ব্রুক। জিমি নিশাম সহজ এক ক্যাচ ফেলেছিলেন। সেই জীবন পেয়ে ব্রুক কার্যত বিধ্বংসী হওয়ার সুযোগ পেয়েছেন।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড কখনও হুমকি তৈরি করতে পারেনি। ৯ ওভার শেষে ২ উইকেটে ৮৭ রান তুলে এক পর্যায়ে ভালো অবস্থায় থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
ইংল্যান্ডের নির্ভরযোগ্য লেগ-স্পিনার আদিল রশিদ ৩২ রানে নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১৭১ রানে অলআউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড। দুটি করে নেন লুক উড, ব্রাইডন কার্স ও লিয়াম ডসন।