সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি: বাংলাদেশ কোচ

সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি: বাংলাদেশ কোচ

ফ্লাডলাইটের নিচে অনুশীলনে সেট পিস নিয়ে ঘাম ঝড়াতে দেখা গেছে হামজা- জামালদের। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে  নেপালের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির দৃশ্য ছিল এমনই। রাত সাড়ে ৮ টার ম্যাচে হিমালয়ের দেশটিকে হারিয়ে ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে প্রস্তুতিটা ভালোমতোই করতে চাইছে হাভিয়ের কাবরেরার দল। তবে সবশেষ জুনে ভুটানের বিপক্ষে জয়ের পর আর ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। এ নিয়ে কাবরেরা আছেন তোপের মুখে।

বুধবার (১২ নভেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, 'আমরা কয়েকটি চূড়ান্ত অনুশীলন সেশন করেছি। আগামীকাল একটা প্রস্তুতি ম্যাচ আছে, যা আমাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে — যাতে আমরা ১৮ তারিখ ভারতের বিপক্ষে মূল ম্যাচের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারি।'

ভারত ম্যাচ মূল লক্ষ্য হলেও নেপালকে হারাতে চায় বাংলাদেশ।  কাবরেরার পরিস্কার কথা, 'আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ, কিন্তু তার আগে কাল আমরা নেপালের বিপক্ষে  ম্যাচটা জিততেই হবে, কারণ আমরা জয়ের মানসিকতা তৈরি করতে চাই।’শেষ কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি ছিল, কিন্তু... এখন আমাদের সেই জয়ের মানসিকতা ধরে রাখতে হবে।'তাই কাল থেকেই সেটা শুরু হবে।নেপালের বিপক্ষে আমরা অনেকগুলো বিষয় প্রয়োগ করতে চাই, যেগুলো ভারতের ম্যাচে দেখতে চাইব। আমরা বিশ্বাস করি আমরা সঠিক পথে আছি।'সমর্থকরা কাবরেরাকে দেখতে চায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা কম নয়। এ নিয়ে প্রশ্নের উত্তরে স্প্যানিশ কোচ বলেছেন, ' হ্যাঁ, আমি শুনেছি ভারতের বিপক্ষে ম্যাচের টিকিট মাত্র চার মিনিটে বিক্রি শেষ হয়েছে—অসাধারণ ব্যাপার। তবে সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি—এটাই আমার অবস্থান। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই দলটার পাশে আছে। কালকের ম্যাচ আমাদের সুযোগ, যাতে সবাই আবার বিশ্বাস পায় যে ভারতকে হারানো সম্ভব।'

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের আশা নেই। তারপরও ভারত ম্যাচ গুরুত্ব পাচ্ছে কাবরেরার কাছে,' আমাদের জন্য ভারতের ম্যাচ এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের আশা না থাকলেও ভারতের বিপক্ষে জয় সমর্থকদের হতাশা অনেকটাই দূর করবে। একটা অফিসিয়াল ম্যাচে ভারতকে হারানোই হবে সবচেয়ে বড় পুরস্কার।'

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin