বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প। আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে ব্র্যান্ডের ও পেটেন্ট করা সব ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানিতে এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম দ্বিগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন মোদী, পাকিস্তানের পাল্টা জবাব
খেলার ভেতর যুদ্ধের প্রসঙ্গে টেনে আনায় মোদীর কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মাহসিন নাকভি। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। মোদীর উদ্দেশে নাকভি বলেন, খেলাধুলায় যুদ্ধ টেনে আনা আসলে হতাশার বহিঃপ্রকাশ মাত্র। যুদ্ধই যদি আপনাদের গর্বের মাপকাঠি হয়, তাহলে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে ভারতের অপমানজনক পরাজয়গুলো লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সে সত্য মুছে ফেলতে পারবে না।
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
তামিলনাড়ুর রাজনীতি নিয়ে আলোচনা শুরু হলে একটি বিষয় প্রায়ই সামনে আসে। এখানে রাজনীতির সঙ্গে সিনেমার সংযোগ অবিচ্ছেদ্য। কয়েক দশক ধরে তামিল চলচ্চিত্রশিল্প শুধু বিনোদনের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, বরং রাজনীতির মঞ্চে প্রভাব বিস্তার করেছে। এম.জি. রামচন্দ্রন (এমজিআর), জে. জয়ললিতা কিংবা করুণানিধি মুথুবেলের মতো নেতাদের উত্থানও হয়েছিল সিনেমা ও গণআন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে। এই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নাম হলেন থালাপতি বিজয়।
প্রযুক্তি প্রতিভাদের জন্য নতুন ভিসা চালু করলো চীন
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ফি আকাশচুম্বী হওয়ার প্রেক্ষাপটে বিদেশি প্রযুক্তি প্রতিভা আকর্ষণের লক্ষ্যে নতুন ভিসা কর্মসূচি চালু করেছে চীন। এই সপ্তাহে কার্যকর হওয়া ‘কে’ ভিসা বেইজিংয়ের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্রের বিপরীতে অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনার জন্য চাপ দেবেন ট্রাম্প
পরিকল্পনা অনুযায়ী, সমঝোতা চূড়ান্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এরপর ইসরায়েল আজীবন সাজাপ্রাপ্ত কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। শান্তিতে রাজি হলে হামাসের সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ও গাজা থেকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ থাকবে। তবে হামাসের সব সামরিক অবকাঠামো ধ্বংস করা হবে।
ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করতে লেবার পার্টির ভোটগ্রহণ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করতে সদস্যদের ভোটগ্রহণ শুরু করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি। লিভারপুলে পার্টির বার্ষিক সম্মেলনে ইসরায়েলের ওপর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবিতে এ ভোটগ্রহণ চলছে।
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতি দিতে পারে ইসরায়েলি সরকার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনের অধিকৃত পশ্চীম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নেতা ইয়োসি দাগান। তিনি জানিয়েছেন, নিউইয়র্কে বৈঠকের পর তার মনে হয়েছে, বর্তমান সরকার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতি দিতে পারে।
বিবিসি হ্যাক করতে সাংবাদিককে বিপুল অর্থের প্রস্তাব হ্যাকারদের
বিবিসি হ্যাক করতে সাংবাদিককে বিপুল অর্থের প্রস্তাব হ্যাকারদের। প্রস্তাবে বলা হয়, এই কাজে সাহায্য করলে ওই সাংবাদিক এত বিপুল অর্থ পাবেন যে, সারা জীবনে আর কাজ করতে হবে না। এই অর্থ দিয়েই বাকি জীবন নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারবেন।
ইসরায়েলে হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে, হুথি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের দিকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন নিক্ষেপের দাবি করেছে। তারা জানিয়েছে, তেল আবিবের দিকে ‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরের দিকে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে।
বিজয়ের সমাবেশে পদদলনের নেপথ্যে ‘সরকারের ষড়যন্ত্র’?
বিজয়ের সমাবেশে পদদলনের নেপথ্যে ‘সরকারের ষড়যন্ত্র’ ছিল বলে অভিযোগ করেছে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। দলটির দাবি, বিজয় সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ার সময় ইচ্ছা করে ঘটনাস্থলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং এরপরেই সমর্থকদের ওপর চড়াও হয় পুলিশ।
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ায় তোপের মুখে নিউজিল্যান্ড সরকার
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ায় তোপের মুখে নিউজিল্যান্ড সরকার। বিরোধী দল, মানবাধিকার সংগঠন, ধর্মীয় নেতা থেকে সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তাদের মতে, সরকারের এমন সিদ্ধান্ত ‘ইতিহাসের ভুল পাশে থাকা’ বলে স্বীকৃত হবে।
এসএএইচ