ভারতের বিশনোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। এর ফলে দেশটির ফেডারেল সরকার গোষ্ঠীটির সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দ করতে পারবে।
কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি সোমবার (২৯ সেপ্টেম্বর) বলেন, অপরাধচক্রটি কানাডার প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
গত বছর কানাডীয় পুলিশ অভিযোগ করেছিল, ভারত সরকারের এজেন্টরা বিশনোই গ্যাং সদস্যদের ব্যবহার করে হত্যা, চাঁদাবাজি ও সহিংসতা চালাচ্ছে এবং খালিস্তানপন্থীদের টার্গেট করছে। তবে ভারত সে সময় অভিযোগ অস্বীকার করে জানায়, এ নিয়ে কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, বিশেষ কিছু সম্প্রদায়কে সন্ত্রাস, সহিংসতা ও ভয় প্রদর্শনের মাধ্যমে টার্গেট করেছে বিশনোই গ্যাং। তাদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্তি আমাদের আরও কার্যকরভাবে অপরাধ দমনের সুযোগ দিচ্ছে।
নতুন তালিকাভুক্তির ফলে সম্পদ জব্দ বা অর্থ জমানো বন্ধ করার পাশাপাশি কানাডার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত করার ক্ষমতা দেবে।
কানাডা বলছে, লরেন্স বিশনোই নামের ৩২ বছর বয়সি এক ভারতীয় অপরাধীর নেতৃত্বে এই সংগঠন পরিচালিত হয়। তিনি এক দশক ধরে কারাগারে থাকলেও এই গ্যাংকে একটি আন্তঃদেশীয় অপরাধচক্র হিসেবে বর্ণনা করা হয়েছে।
ভারতে তদন্তকারীরা বলছে, বিশনোই ৭০০ জন সদস্য নিয়ে গ্যাং পরিচালনা করছে, যারা তারকাদের কাছ থেকে চাঁদা আদায়, মাদক ও অস্ত্র পাচার এবং হত্যাকাণ্ডে জড়িত।
কানাডার বিরোধী দল ও আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ার প্রাদেশিক প্রধানমন্ত্রীর চাপের পর এই সিদ্ধান্ত নিলো সরকার। তাদের দাবি, এই তালিকাভুক্তির কারণে সরকারের হাতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে অপরাধচক্রটি দমনের সুযোগ সৃষ্টি করবে।
তথ্যসূত্র: বিবিসি