‘সাইয়ারা’ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া তরুণ নায়ক আহান পাণ্ডেকে সম্প্রতি বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির মুম্বাই অফিসে ঢুকতে ও বের হতে দেখা গেছে।
এ ঘটনার পর থেকেই বলিউড মহলে লেলিহান গুঞ্জন—তিনি কি বানসালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ বিশেষ কোনও চরিত্রে বা ক্যামিও ভূমিকায় যুক্ত হচ্ছেন?
ফটোগ্রাফাররা আহানকে একটি বিলাসবহুল গাড়ি থেকে নামতে এবং অফিস ভবনে প্রবেশ করতে দেখেছেন। সাদা শার্ট ও ডেনিমে ছিলো তার ক্যাজুয়াল লুক। পরে তাকে অফিস থেকে বের হতেও দেখা গেছে।
এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন মন্তব্য করেন, ‘বানসালি আর আহান! আগুন হবে আগুন!’ অন্য আরেকজন লিখেছেন, ‘ক্যামিও হলেও মেনে নেব।’
তবে এখন পর্যন্ত বানসালি বা আহান—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
বলা দরকার, আহান পাণ্ডে মোহিত সুরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে তুমুল আলোচনায় আসেন। বাণিজ্যের বিচারে একে একে ভেঙে ফেলেন বলিউডের বেশিরভাগ সাকসেস ইতিহাস। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির নতুন প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করছেন রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাট।
সূত্র: টিওটি