সরগরম ক্যাম্পাস, আরও ৪ প্যানেল ঘোষণা

সরগরম ক্যাম্পাস, আরও ৪ প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন সরগরম। আজ বৃহস্পতিবার দিনভর একের পর এক প্যানেল ঘোষণা করে বিভিন্ন ছাত্রসংগঠন। ছাত্রদল, ছাত্রশিবির ও বাম ধারার পর বিকেলে আরও চার সংগঠনের প্যানেল প্রকাশ করা হয়।

বিকেল সাড়ে চারটায় ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র আন্দোলন। চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবদুর রহমান। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের মোহাম্মদ আবদুর রহমান। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করবেন আরবি সাহিত্যের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম।

ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হলে যেকোনো পরিবর্তন সম্ভব। শিক্ষার্থীদের সম্মিলিত দাবির মুখে অবশেষে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানকার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। প্রতিদিনের শাটল ট্রেন ও পরিবহন–সংকট, আবাসনসংকট, সেশনজট, ল্যাব ও গবেষণা সুবিধার সীমাবদ্ধতা, প্রশাসনিক দুর্নীতি, পর্যাপ্ত চিকিৎসা ও নিরাপত্তাহীনতা শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যাম্পাসজীবন কঠিন করে তুলেছে। এ ছাড়া মাদক, সন্ত্রাস ও সহিংসতা ক্যাম্পাসে ভয়ংকর রূপ নিয়েছে। এসব সংকট সমাধানে একটি গণমুখী, শিক্ষার্থীবান্ধব ছাত্র সংসদ অপরিহার্য।

বিকেল পাঁচটায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে প্যানেল ঘোষণা করা হয়। চাকসু নির্বাচনে সংগঠন হিসেবে অংশ নিচ্ছে না গণতান্ত্রিক ছাত্রসংসদ। মাহফুজুর রহমান স্বতন্ত্রভাবেই নির্বাচন করছেন। তিনি ভিপি পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মাহফুজুর রহমানের প্যানেল থেকে জিএস পদে লড়বেন ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আর এম রশীদুল হক। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক ছিলেন। সম্প্রতি তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এই প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করবেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের জান্নাতুল ফেরদৌস।

আজ সন্ধ্যায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরাও প্যানেল ঘোষণা করেন। তাঁদের প্যানেলের নাম ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’। এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন সংগঠনের সদস্যসচিব ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবির বিন জাবেদ।

জিএস পদে নির্বাচন করবেন পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী চৌধুরী তাসনিম জাহান। আর এজিএস পদে আছেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পলাশ দে। ক্যাম্পাসের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে এ প্যানেল ঘোষণা করেন স্যাডের চট্টগ্রামের মুখপাত্র পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জগলুল আহমেদ।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্যানেল ঘোষণা করে ক্যাম্পাসের অরাজনৈতিক ২০টি ক্লাবের সম্মিলিত জোট ‘ক্লাব অ্যালায়েন্স’। তাদের প্যানেলের নাম ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’। এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) ক্লাবের সাধারণ সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী তাওসিফ মুত্তাকী চৌধুরী। জিএস পদে প্রার্থী হয়েছেন ক্লাব অ্যালায়েন্সের আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজ্জাদ হোসেন। এজিএস পদে নির্বাচন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির প্রশাসনিক সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাঈদ মুহাম্মদ মুশফিক হাসান।

চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন জমজমাট। রেলস্টেশন থেকে শুরু করে শহীদ মিনার, ছাত্রী হলের ঝুপড়ি, কলা ও মানববিদ্যা অনুষদের আড্ডা কিংবা গোলচত্বর—সব জায়গাতেই শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, নির্বাচন। প্যানেল ঘোষণা হওয়ার পর ভিপি ও জিএস প্রার্থীদের সম্ভাবনা নিয়ে চলছে জোর জল্পনা। কে এগিয়ে আছেন, কার প্যানেল কতটা শক্তিশালী, কার বক্তৃতা বা অবস্থান শিক্ষার্থীদের কাছে টানছে—এসব নিয়েই জমে উঠেছে আড্ডা।

আগামী ১২ অক্টোবর সপ্তম চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভোটের আমেজে ক্যাম্পাস যেন উৎসবমুখর হয়ে উঠেছে।

আলাওল হলের বাসিন্দা নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনও বেশ উচ্ছ্বসিত। তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে কারা জিতবে সেটা এখনই বলা কঠিন। যে-ই জয়ী হোক, হলে আবাসনসংকট, নিরাপত্তা আর পরিবহনের সমস্যা সমাধানে কাজ করবে—এই প্রত্যাশা।’

এবারের চাকসু নির্বাচনে মোট ৯টি প্যানেল ঘোষণা হয়েছে। আজ দুপুরে ছাত্রদল, ছাত্রশিবির প্যানেল ঘোষণা করে। বিকেলে প্যানেলের নাম প্রকাশ করে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ১০ সংগঠনের ‘বৈচিত্র্যের ঐক্য’। এর আগে গত রোববার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন যৌথভাবে প্যানেলের নাম জানায়। তাদের প্যানেলের নাম ‘দ্রোহ পর্ষদ’। আগের দিন শনিবার ছাত্র অধিকার জানায়, তাদের প্যানেলের নাম ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin