সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি অনৈতিক: দুদু

সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি অনৈতিক: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনও রাজনৈতিক দল সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি দিলে বা ব্ল্যাকমেইলের চেষ্টা করলে তা আইনের শাসনের পরিপন্থি এবং দণ্ডনীয় অপরাধ। সরকারের ভেতরে চর নিয়োগ করা বা ব্ল্যাকমেইল কোনও রাজনৈতিক দলের কাজ নয়। এটি অনৈতিক ও অশোভন আচরণ। যারা ব্ল্যাকমেইল করে রাজনৈতিক সুবিধা নিতে চায়, সরকারকে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। অনির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। গণতন্ত্র না থাকলে স্বৈরতন্ত্রের পতনের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়, তা ব্যাহত হবে এবং মানুষ হতাশ হয়ে পড়বে।

বিএনপির এই নেতা বলেন, অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে স্বৈরশাসনের অবসানের যে প্রত্যাশা ছিল, তা ব্যাহত হবে। তাই নির্বাচন যেন কোনও বিশেষ দলের প্রভাবে না হয়— ডিসি, এসপি বা নির্বাচনি কর্মকর্তাদের নিয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

মিরপুরের অগ্নিকাণ্ড প্রসঙ্গে দুদু বলেন, গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ থেকে ২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশে এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। রাস্তাঘাটে বের হলেও মানুষ অনিরাপদ বোধ করছে। এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin