দুর্নীতির অভিযোগে সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ খন্দকার মমতা হেনা লাভলীর ৭ ব্যাংক হিসাবে থাকা ৪২ লাখ ৭৩ হাজার ৭০১ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সংস্থাটির সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সুভাষ চন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের করার অভিযোগের অনুসন্ধান চলছে। সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার নামীয় প্রতিষ্ঠান এবং তার স্ত্রী মমতা হেনা লাভলীর নামীয় এসব ব্যাংক হিসাবগুলোতে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তারা এসব অ্যাকাউন্টে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবগুলোতে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবে অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।