সুন্দরবন ভ্রমণে এসে এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার সুপতি খালে এ ঘটনা ঘটে।
ওই পর্যটকের নাম কারমেল নোয়েলেন (৫৫)। তিনি আয়ারল্যান্ডের নাগরিক।
পুলিশ জানায়, কারমেল তাঁর স্বামীর সঙ্গে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। গতকাল শুক্রবার সকালে খুলনা থেকে পর্যটকবাহী লঞ্চ এমভি আলাস্কায় চড়ে সুন্দরবনের পথে রওনা দেন তাঁরা। আজ শনিবার সকালে লঞ্চটি কচিখালী এলাকায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন। লঞ্চে থাকা চিকিৎসক দ্রুত পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ খবর দেওয়ার পর শরণখোলার ধানসাগর নৌ-পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। কারমেলের স্বামী বর্তমানে লঞ্চে আছেন। তিনি বাংলাদেশে কবে এসেছেন এবং তাঁর পেশাগত পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।