শুরুর একাদশে খেলতে চান জামাল, সঙ্গে শমিত-জায়ান

শুরুর একাদশে খেলতে চান জামাল, সঙ্গে শমিত-জায়ান

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে ছিলেন না জামাল ভূঁইয়া, কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম ও প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। তবে এখন থেকে তিনজন একসঙ্গে শুরুতেই খেলার কথা জানিয়েছেন জামাল। তিনি বলেন, শেষ কয়েকটা ম্যাচে আমাকে না খেলানো কোচ হাভিয়ের কাবরেরার ভুল ছিল।

আজ শুক্রবার (১০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, গতকাল জেতার জন্য না গিয়ে ড্রয়ের জন্য খেললে আমরা এক পয়েন্ট পেতাম। শেখার সময় এখন আর নেই, এখন আমরা রেজাল্ট চাই।

তিনি আরও বলেন, এশিয়ান বাছাই পর্বের বাকি তিন ম্যাচই জিততে চাই। আগামীকাল বিকেলে হংকংয়ে প্রথম সেশন।

প্রসঙ্গত, শ্বাসরুদ্ধকর ম্যাচে চোখের জলে মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরীদের। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকং-চায়নার বিপক্ষে ৪-৩ গোলে হার মানতে হয় বাংলাদেশকে। যে হামজার গোলে লিড নিয়ে শুরু, সেই ম্যাচে এক সময় লাল-সবুজরা পিছিয়ে ছিল ৩-১ গোলে। সেখান থেকে মোরসালিন-শমিত সোমের গোলে ম্যাচে ফিরেও, শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভাঙে কোটি ফুটবল ভক্তের। পরের ম্যাচ ১৪ অক্টোবর, প্রতিপক্ষ আবারও সেই হংকং।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin