মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভের প্রথম দফার ঢেউ উঠেছে নিউইয়র্ক সিটিতে। ‘নো কিংস’ নামের আন্দোলনে যুক্তরাষ্ট্রজুড়ে আড়াই হাজারের বেশি বিক্ষোভ মিছিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আয়োজকদের ভাষ্য, এই আন্দোলনের লক্ষ্য ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাবকে’ চ্যালেঞ্জ জানানো। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রেসিডেন্ট মনে করেন তার শাসনই চূড়ান্ত। কিন্তু আমেরিকায় কোনও রাজা নেই— আর বিশৃঙ্খলা, দুর্নীতি ও নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা পিছু হটব না।
দেশজুড়ে লাখো মানুষ এই বিক্ষোভে অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা।
ট্রাম্প সমর্থকদের অভিযোগ, পরিকল্পিত এই বিক্ষোভ কর্মসূচিতে ‘বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের’ প্রভাব রয়েছে। যদিও এর পক্ষে কোনও প্রমাণ দেয়নি তারা।
রিপাবলিকান অধ্যুষিত একাধিক অঙ্গরাজ্যের গভর্নর ন্যাশনাল গার্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ইতোমধ্যে নিজ রাজ্যের সেনা মোতায়েন করেছেন, যদিও সামরিক উপস্থিতি কতটা দৃশ্যমান হবে তা স্পষ্ট নয়।
শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) নিউইয়র্কে বিক্ষোভ শুরু হয় এবং সারাদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তা চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান বিক্ষোভগুলো হবে ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেস।
একই সঙ্গে ইউরোপের বার্লিন, মাদ্রিদ ও রোমে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছেন।
শনিবার ফক্স নিউজে প্রচারের আগে প্রকাশিত এক সাক্ষাৎকারের অংশে ট্রাম্প এসব বিক্ষোভ নিয়ে বলেন, তারা আমাকে রাজা বলছে! কিন্তু আমি রাজা নই। এসব কোনও নাটক নয়।
অনেক রিপাবলিকান এই আন্দোলনকে আমেরিকা বিদ্বেষী র্যালি হিসেবে নিন্দা জানিয়েছেন। সিএনএনের বরাতে ক্যানসাসের সিনেটর রজার মার্শাল বলেছেন, আমাদের হয়ত ন্যাশনাল গার্ড নামাতে হবে। আশা করি সব শান্তিপূর্ণ থাকবে, যদিও সাবধানের মার নেই আছে।
অন্যদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বৃহস্পতিবার অস্টিনে পরিকল্পিত এক বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন। তিনি দাবি করেন, এটি অ্যান্টিফা-সংশ্লিষ্ট পরিকল্পিত সমাবেশ।
ডেমোক্র্যাটরা এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে সশস্ত্র বাহিনী পাঠানো একনায়কতান্ত্রিক শাসনের উদাহরণ। রাজ্যের শীর্ষ ডেমোক্র্যাট জিন উ বলেন, রাজা বা একনায়করা যেমন করে, গ্রেগ অ্যাবটও তাই করলেন।
ভার্জিনিয়ার গভর্নর গ্লেন ইয়াংকিনও ন্যাশনাল গার্ড সক্রিয় করার নির্দেশ দিয়েছেন।
‘নো কিংস’ র্যালিতে অংশ নেওয়ার কথা রয়েছে হলিউড তারকা জেন ফন্ডা, কেরি ওয়াশিংটন, জন লেজেন্ড, অ্যালান কামিং এবং জন লেগুইজামোর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।