‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের তানিয়া গ্রেফতার

‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের তানিয়া গ্রেফতার

রাজধানীর রূপনগর এলাকা থেকে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন জাতীয় কেমিক্যাল ব্যবহার করে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মোসা. তানিয়াকে (৪০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রূপনগর থানা পুলিশ। তার বিরুদ্ধে ৩৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গত ৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে তানিয়ার পরিচয় হয়। কথোপকথনের একপর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে স্কোপোলামিন জাতীয় কেমিক্যাল বের করে নাসিমার নাকের কাছে ধরে তাকে অচেতন করে ফেলে।

পরবর্তী সময়ে নাসিমার ব্যবহৃত ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তানিয়া। পরে বেলাল হোসেন বাদী হয়ে রূপনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর রূপনগর থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তানিয়ার অবস্থান শনাক্ত করে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রয়ের ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশন গয়না এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রতারণার কৌশল হিসেবে পুলিশ জানায়, তানিয়া দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবাসী পরিবারের তথ্য সংগ্রহ করতো। নিজেকে প্রবাসী বা প্রবাসীর আত্মীয় পরিচয় দিয়ে সে টার্গেট করা বাসায় প্রবেশ করতো।

ভুক্তভোগীদের আস্থা অর্জনের পর বিদেশি মুদ্রা বা গয়না দেখানোর ছলে ‘শয়তানের নিশ্বাস’ (স্কোপোলামিন) প্রয়োগ করে তাদের অচেতন করে ফেলে এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যেতো।

পুলিশ বলছে, “তানিয়া একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে। সে নিয়মিতভাবে এলাকা বদলে প্রতারণা করতো।”

গ্রেফতার তানিয়াকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ তার সহযোগী চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin