রাজধানীর মালিবাগ এলাকা থেকে দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তিনি ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিটিটিসির একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি দেওয়া, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান সিটিটিসির কর্মকর্তারা।