চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে তিন মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা দ্বিতীয় জজ আবদুর রহমানের আদালত বাংলাদেশ সচিবালয় আইন শাখা কর্তৃক নির্দেশিত মামলার প্রতিবেদন গ্রহণ করে তাকে এ অব্যাহতি দেন। মামলা তিনটি হলো স্পেশাল ট্রাইব্যুনাল ৫২৫/২০, ৫২৬/২০ এবং এসটি ৩৩১/২৫।
ডা. শাহাদাত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এসব মামলা দায়ের করা হয়েছিল।
মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, অ্যাডভোকেট তারিক আহমেদসহ বিপুল সংখ্যক আইনজীবী।
এসময় আদালত প্রাঙ্গণে মেয়র শাহাদাত উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। আদালতের ন্যায়বিচার ও আপনাদের দোয়া-ভালোবাসায় আমি আজ অব্যাহতি পেলাম।
মেয়র বলেন, সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। আমি জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকবো। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারও জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।
এমআরএএইচ/এমকেআর/এএসএম