তুরস্কে পাহাড়ের নিচে মিললো ১৬০০ বছরের পুরনো ওয়াইন কারখানা

তুরস্কে পাহাড়ের নিচে মিললো ১৬০০ বছরের পুরনো ওয়াইন কারখানা

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা প্রায় ১ হাজার ৬০০ বছর আগের এক প্রাচীন ওয়াইন উৎপাদন কারখানার সন্ধান পেয়েছে। কাঠা দুর্গের নিকটবর্তী ওইমাকলি গ্রামের পাহাড়ি ভূগর্ভে লুকিয়ে ছিল এই স্থাপনা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) বরাতে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, প্রাচীন এই কারখানাটির সন্ধান পাওয়া গেছে ১৬ অক্টোবর। খননকাজে উদ্ধার হয়েছে আঙুর প্রক্রিয়াজাতকরণের স্থাপনা, জলাধার, মজবুত পেষণ পাথর এবং পুরোনো জলাধারের ধ্বংসাবশেষ।

গবেষকদের মতে, এই স্থাপনাগুলোর নকশা রোমান যুগের ভূমধ্যসাগরীয় মদ কারখানার মতোই। সেই সময়ে আঙুর হাত দিয়ে বা কাঠের বিম ব্যবহার করে পেষণ করা হতো। রস প্রবাহিত হতো খোদাই করা পাথরের নালার মধ্য দিয়ে, যা পরে বড় মাটির পাত্রে সংরক্ষিত থাকত গাঁজনের জন্য।

খননকার্যে উদ্ধার হওয়া ভবনের ভিত্তি থেকে ধারণা করা হচ্ছে, এটি খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দীর স্থাপন। ওই সময় তুরস্কজুড়ে খ্রিষ্টধর্ম দ্রুত ছড়িয়ে পড়ছিল।

স্থানীয় জাদুঘরের পরিচালক মেহমেত আলকান বলেন, অসামঞ্জস্যপূর্ণ পাথর দিয়ে নির্মিত হলেও ভবনের ভিত্তি অত্যন্ত ভালোভাবে টিকে আছে। তার ধারণা, রোমান যুগে এই স্থানটি শিল্পঘন এলাকা হিসেবে ব্যবহৃত হতো। কাঠা দুর্গের (খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে নির্মিত) কাছাকাছি অবস্থান থেকে বোঝা যায়, এটি আবাসিক এলাকা হিসেবেও ব্যবহৃত হতে পারে।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এই খনন কার্যক্রমের অনুমতি দিয়েছে। বিশেষজ্ঞরা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন কিছু নিদর্শনের খোঁজ পাওয়ার পর এই অনুমোদন দেওয়া হয়। প্রায় ৩৭ একরজুড়ে বিস্তৃত এই রোমান যুগের বসতি অতীতের জীবনযাত্রা ও প্রযুক্তির এক নতুন দৃষ্টান্ত উন্মোচন করছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চল আরও খনন করা হবে এবং শিগগিরই একে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক অঞ্চল হিসেবে নিবন্ধন করা হবে।

সূত্র: এনডিটিভি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin