জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে উপ–আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, আবুল কালাম আজাদ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
দুদক বলছে, ২০২২ সালে দাখিল করা সম্পদ বিবরণীতে আবুল কালাম আজাদ ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা তথ্য দিয়েছেন। অনুসন্ধানে দুদক দেখেছে, তাঁর মোট সম্পদের পরিমাণ ১৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৯৬৩ টাকা। এর মধ্যে গ্রহণযোগ্য আয়ের হিসাব পাওয়া গেছে মাত্র ৬ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৩২ টাকার বাকিটা জ্ঞাত আয়বহির্ভূত বলে প্রমাণিত হয়েছে।
এদিকে বাংলাদেশ বিমানের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।