ভাঙা হাড় জোড়া লাগবে মাত্র ৩ মিনিটে

ভাঙা হাড় জোড়া লাগবে মাত্র ৩ মিনিটে

বিভিন্ন ধরনের দুর্ঘটনায় হাত-পায়ের হাড় ভেঙে যায় অনেকের। ভাঙা হাড় চাইলেই দ্রুত জোড়া দেওয়া যায় না, দীর্ঘ মেয়াদে চিকিৎসার প্রয়োজন হয়। এবার ভাঙা হাড় দ্রুত জোড়া দেওয়ার জন্য বিশেষ ধরনের আঠা তৈরি করেছেন চীনের একদল গবেষক। গবেষকদের দাবি, ঝিনুকের প্রাকৃতিক এক কৌশল কাজে লাগিয়ে তৈরি বিশেষ ধরনের এই আঠার মাধ্যমে মাত্র তিন মিনিটের মধ্যে ভাঙা হাড় জোড়া লাগানো যাবে। নতুন এই আবিষ্কার অর্থোপেডিক চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গবেষকদের তথ্যমতে, ‘বোন ০২’ নামের এই আঠা ব্যবহার করে ভাঙা বা টুকরা হয়ে যাওয়া হাড়কে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে জোড়া লাগানো যাচ্ছে। এ বিষয়ে গবেষক দলের প্রধান সার রান রান শ হাসপাতালের অর্থোপেডিক সার্জন লিন শিয়ানফেং বলেন, পানির নিচে কীভাবে ঝিনুক কোনো কাঠামোর সঙ্গে শক্তভাবে লেগে থাকে, তা পর্যবেক্ষণ করে আমরা এই আঠার ধারণা পাই। এই আঠা রক্তের উপস্থিতিতেও নিখুঁতভাবে কাজ করতে পারে।

গবেষকেরা দাবি করছেন, হাড়ের জন্য তৈরি বিশেষ আঠাটি ঐতিহ্যবাহী ধাতব ইমপ্লান্ট যেমন প্লেট ও স্ক্রুকে প্রতিস্থাপন করতে পারে। আঠার সবচেয়ে বড় সুবিধা হলো, হাড় জোড়া লাগার পর এটি প্রাকৃতিকভাবেই শরীরের সঙ্গে মিশে যায়। স্ক্রু বা অন্যান্য ইমপ্লান্ট সরালে অনেক সময় দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে তার প্রয়োজন হবে না। এই আঠা সংক্রমণের ঝুঁকিও কমাবে।

এখন পর্যন্ত বোন ০২ আঠা ১৫০ জনের বেশি রোগীর ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, আঠা দিয়ে জোড়া লাগানো হাড় ৪০০ পাউন্ডের বেশি চাপ সহ্য করতে পারে। ফলে ভাঙা হাড় জোড়া লাগানোর ক্ষেত্রে বেশ কার্যকর বলা যায় এই আঠা।

সূত্র: এনডিটিভি

Comments

0 total

Be the first to comment.

মহাকাশে পাঠানো হলো আইসক্রিম Prothomalo | বিজ্ঞান

মহাকাশে পাঠানো হলো আইসক্রিম

স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেটে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা হয়েছে নর্থরপ গ্র...

Sep 15, 2025

More from this User

View all posts by admin