‘ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না’

‘ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না’

ব্রাহ্মণবাড়িয়া: ভারত বাংলাদেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্যরা এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না- সে যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা সীমান্তে আছি। একটা বৃহৎ দেশ (ভারত) আছে, তারা আমরাদের উন্নয়ন চায় না; আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। রাজনৈতিক স্থতিশীল না হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না।

তিনি আরও বলেন, আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসুক। এমন কোনো কাজ না হোক যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া।

জেলা বিএনপি সহসভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। পরে পথসভা শেষে দলীয় নেতাদের নিয়ে জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin