‘ভারত যে কারণে শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’, আল জাজিরার বিশ্লেষণ

‘ভারত যে কারণে শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’, আল জাজিরার বিশ্লেষণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমান পরিস্থিতিতে দিল্লি তাকে আদৌ হস্তান্তরে আগ্রহী কিনা, এ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার অনলাইন সংস্করণে মঙ্গলবার (১৮ নভেম্বর) এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

গত বছর সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। অবশেষ পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

এরপর থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ সত্ত্বেও তা আমলে নেয়নি দিল্লি। বিষয়টি ১৫ মাস ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠেছে। এখন সাবেক প্রধানমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করায় এই উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও ভারত বারবার দাবি করেছে, তারা নির্দিষ্ট কোনও সরকার বা দেশের প্রতি নয় বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে আগ্রহী। তবে একাধিক ভূরাজনৈতিক বিশ্লেষক বলেছেন, তারা এমন কোনো দৃশ্য কল্পনাও করতে পারছেন না যে নয়াদিল্লি মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে।

ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করেন, নয়াদিল্লি কীভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে?

শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে তিনি।

শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে। ২০০১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি কয়েক বছর ক্ষমতার বাইরে ছিলেন। ২০০৯ সালের ব্যাপক জনসমর্থন নিয়ে তিনি আবার ক্ষমতায় ফেরেন। এরপর টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। এ সময়ের আয়োজিত নির্বাচনগুলো নিয়ে বিতর্ক রয়েছে এবং, সেগুলো প্রায়ই বিরোধী দল বর্জন করেছে।

১৫ বছরের শাসনামলে বহু মানুষকে গুম এবং বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। ওই সময় রাজনৈতিক প্রতিপক্ষের অনেককেই কোনও বিচার ছাড়াই কারাগারে পাঠানোর ঘটনাও পাওয়া গেছে।

তবে সাবেক সরকার তাদের অর্থনৈতিক সাফল্যকে সবসময় সামনে রাখতে চাইতো। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একসময় বাংলাদেশের অর্থনীতিকে ‘তলাবিহীন ঝুড়ি’ আখ্যা দিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন (জিডিপি) দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং মাথাপিছু আয়ের দিক থেকে ভারতের তুলনায় এগিয়ে গেছে।

শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের মিত্রতা। তবে গত বছর তার দেশত্যাগ এবং ড. মুহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুদেশের সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়। এ অবস্থায় ইউনূস সরকারের সঙ্গে উত্তেজনা পাকিস্তানের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এছাড়া, শেখ হাসিনাকে ফেরত দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা দেখা দেয়।

গত মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লির বিরুদ্ধে কণ্ঠস্বর আরও জোরালো করেছে। মন্ত্রণালয় ভারতের সঙ্গে একটি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করেছে। তারা বলেছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নয়াদিল্লির জন্য ‘আবশ্যিক দায়িত্ব’। তারা আরও বলেছে, ভারত যদি হাসিনাকে ক্রমাগত আশ্রয় দিয়ে যায়, তাহলে তা হবে ‘অত্যন্ত অবন্ধুসুলভ পদক্ষেপ এবং ন্যায়বিচারের প্রতি অসম্মান’।

তবে ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা আল–জাজিরাকে বলেছেন, প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমের কথা বলা আছে। ‘রাজনৈতিক ব্যক্তিত্বের’ ক্ষেত্রে এ ব্যতিক্রমী ধারা ব্যবহার করা যাবে।

নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে বাংলাদেশের ক্ষমতাসীন শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে ভারত।

ভরদ্বাজ আল–জাজিরাকে আরও বলেন, নয়াদিল্লি মনে করে, বর্তমানে বাংলাদেশে ‘ভারতবিরোধী শক্তি’ ক্ষমতায় আছে। ড. ইউনূস প্রায়ই ভারতের সমালোচনা করেন। হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায়ই সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন।

ভরদ্বাজ মনে করেন, এসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করার মানে হবে ‘ভারতবিরোধী শক্তিকে’ বৈধতা দেওয়া।

শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, রায়ের বিষয়ে তারা অবগত রয়েছে এবং তারা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।

ভারত আরও বলেছে, তারা বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

তবু বর্তমানে নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্কটা শীতল। শেখ হাসিনার শাসনকালে যে সমৃদ্ধশীল অর্থনৈতিক, নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল, তা এখন অনাস্থার সম্পর্কে রূপ নিয়েছে।

ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, শিগগিরই এ অবস্থার পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না।

পিনাক চক্রবর্তী আল–জাজিরাকে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন থেকে যাবে। কারণ, তারা বারবার বলতে থাকবে, ভারত আমাদের কাছে তাকে ফেরত দিচ্ছে না।

পিনাক চক্রবর্তী মনে করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন সূচনা হতে পারে। যদিও নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। বড় বিরোধী দল বিএনপিসহ অন্যান্য বড় রাজনৈতিক শক্তি ভারতের সমালোচক। তবু নির্বাচিত প্রশাসনের সঙ্গে কাজ করাটা ভারতের জন্য স্বস্তির হবে।

ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, শেখ হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে। কিন্তু বাংলাদেশে তার প্রতি ‘জনগণের ক্ষোভকে’ তারা উপেক্ষা করতে পারে না।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই নয়াদিল্লি চাইবে, ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক। শেখ হাসিনা ভারতের জন্য সব সময়ই সর্বোত্তম পছন্দ। কিন্তু বাস্তবতা হলো, ভারতকে মানতে হবে, বাংলাদেশে হাসিনাকে আর সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর পরিবর্তে ভারতের উচিত, ঢাকার অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা।

শ্রীরাধা দত্ত বলেন, বর্তমানে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। কিন্তু আমাদের অবশ্যই এই নির্দিষ্ট অ্যাজেন্ডা (শেখ হাসিনার প্রত্যর্পণ) ছেড়ে এগিয়ে যেতে হবে।

শ্রীরাধা দত্ত মনে করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যদি আর মিত্রতা না–ও থাকে, তবু তাদের একে অপরের প্রতি শিষ্টাচার বজায় রাখা প্রয়োজন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে। চীনের পর ভারতই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। সত্যিকার অর্থে, উত্তেজনার মধ্যেও সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।

গত বছর শেখ হাসিনা যখন নিরাপত্তার জন্য দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি কোথায় আশ্রয় চাইতে পারেন, তা নিয়ে তেমন একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল না বললেই চলে। নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে সাদরে গ্রহণ করেন।

ভারতের সাবেক হাইকমিশনার পিনাক চক্রবর্তী বলেন, এবার আমরা হাসিনাকে আমন্ত্রণ জানাইনি। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে স্বাভাবিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন। কারণ তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন। ভারত তাকে থাকতে দিয়েছিল। কারণ, সেটা ছাড়া আর বিকল্প কী ছিল?

তিনি আরও বলেন, শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে যেতে পারবেন, বিশেষ করে এখন যখন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে? তিনি ভারতের প্রতি বন্ধুত্বসুলভ ছিলেন এবং এ ব্যাপারে ভারতের নৈতিক অবস্থান নেওয়া প্রয়োজন।

ওয়াশিংটন ডিসিভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ভারতে হাসিনার উপস্থিতিটা ‘দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে কাঁটা হয়ে থাকবে।’ তবে এর মধ্য দিয়ে ভারত তার মিত্রদের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হয়েছে।

তবে কুগেলম্যান মনে করেন, এমন পদক্ষেপ নয়াদিল্লির জন্য দীর্ঘমেয়াদি রাজনৈতিক সুবিধাও নিয়ে আসতে পারে।

তিনি মনে করেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব এবং তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে উপেক্ষা করা যায় না। কারণ তিনি একটি পুরোনো পরিবারকেন্দ্রিক দলের নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, এমন দলগুলো সাময়িকভাবে কঠিন সময়ের মধ্যে পড়ে, কিন্তু তারা পুরোপুরি বিলীন হয়ে যায় না।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin