মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়কে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে আখ্যায়িত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। এই রায় কার্যকরের মাধ্যমে দেশে ইনসাফ প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফয়জুল হাকিম উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায় প্রমাণিত হওয়ায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
একই সঙ্গে দেশে থাকা তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই রায় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে তিনি মনে করেন।