দোহায় ভারত ‘এ’ দলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালে সুপার ওভারে ভারতের হৃদয় ভেঙে নিশ্চিত করেছে টুর্নামেন্টের ফাইনাল।
নির্ধারিত ২০ ওভারে দুই দলই সমান ১৯৪ রান তুললে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে স্নায়ুর পরীক্ষায় দৃঢ়তা দেখিয়েছে আকবর আলীর নেত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।
সুপার ওভারে বল হাতে ঠাণ্ডা মাথার পরিচয় দেন রিপন মণ্ডল। ম্যাচসেরাও তিনি। ভারতের অধিনায়ক জিতেশ শর্মাকে প্রথম বলেই ফিরিয়ে দেন তিনি। দ্বিতীয় বলেই তুলে নেন আশুতোষ শর্মার উইকেট। মাত্র দুই ডেলিভারিতেই ভারতের ‘এ’ দলের স্কোর ছিল ০/২।
চাপের মুহূর্তে তার নিখুঁত বোলিংয়েই বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১ রান।
এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বাংলাদেশ ‘এ’ দলের শুরুই হয় হোঁচট খেয়ে। সুযশ শর্মার প্রথম বলেই আউট হন ইয়াসির আলী। তবু পরের ডেলিভারিতে বোলারের এক ওয়াইড বল বাংলাদেশকে এনে দেয় অবিশ্বাস্য এক জয়।
এর আগে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ‘এ’ তোলে ৬ উইকেটে ১৯৪ রান। ইনিংসের মূল ভরসা ছিলেন হাবিবুর রহমান সোহান ৪৬ বলে তার ৬৫ রানের ইনিংস বড় স্কোরের ভিত গড়ে। তাছাড়া শেষ দিকে ঝড় তোলেন মেহরব। মাত্র ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ক্যামিও ইনিংসে বাংলাদেশকে বড় পুঁজি পাইয়ে দেন তিনি।
জবাবে আক্রমণাত্মক শুরু করে ভারত ‘এ’ দল। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮), প্রিয়াংশ আর্য (২৩ বলে ৪৪) ও নেহাল ওয়াধেরা (২৯ বলে অপরাজিত ৩২) দলকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে দুই দলই সমান ৬ উইকেটে ১৯৪ স্কোরে থামে।