ভিকি জাহেদ মানেই সাসপেন্স, মিস্ট্রি বা থ্রিলারের জমজমাট আয়োজন, সঙ্গে যুক্তি আর ব্যাখ্যার নিখুঁত প্রক্ষেপণ। এবারও কি তাই হতে যাচ্ছে? চরকিতে আসছে ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’। এখানে ভিকিকে দর্শকরা কীভাবে পাবেন? আগের মতো করে ভাবলে হয়তো হবে না। গল্পের ধরন আর নির্মাতার ব্যাখ্যায় তেমনটাই মনে হতে পারে দর্শকদের।
ভিকি জানান, ‘অন্ধ বালক’ লেখা নাজিম–উদ–দৌলার। এ গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের। এখানে ভাগ্য, ভবিষ্যৎবাণীর মতো বিশ্বাস–অবিশ্বাসের দোলাচল রয়েছে।
ভিকি বলেন, ‘‘ঢাকার বিভিন্ন লোকেশনে ‘অন্ধ বালক’–এর শুট হয়েছিলো। এখন এটা রিলিজ হতে যাচ্ছে। নাজিম–উদ–দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টারেস্টিং। শর্টফিল্ম থেকেই আমার উত্থান। তাই স্বভাবতই চরকির ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টের প্রতি আগ্রহী হই। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।’’
‘অন্ধ বালক’ ফ্ল্যাশ ফিকশনে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তার চরিত্রের নাম অর্ক, আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। ভালোবাসায় মত্ত দুই তরুণ–তরুণী। কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ফাটল ধরে। দু’জনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ। দিনার বিশ্বাস এই ফাটলকে আরও গভীর করে তুলতে থাকে।
সাদিয়া আয়মান জানান, কাজটি গত বছর করেছিলেন এবং ভিকি জাহেদের পরিচালনায় এটি তার প্রথম কাজ।
ভিকি জাহেদের পরিচালনায় জনপ্রিয় কাজ রয়েছে তৌসিফ মাহবুবের। সব মিলিয়ে ‘অন্ধ বালক’ কনটেন্টটিকে দর্শকরা ভালোভাবেই নেবে বলে আশা করছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘এ গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে। সাদিয়া আয়মান বরাবরের মতো খুবই ভালো কাজ করেছেন।’
‘অন্ধ বালক’–এ আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শিল্পী সরকার অপু, দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক।
নাজিম-উদ-দৌলার গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম-উদ-দৌলা ও ভিকি জাহেদ। এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দীপন।
কনটেন্টটি চরকিতে মুক্তি পাবে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (১৮ সেপ্টেম্বর)। ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অন্ধ বালক’।