চট্টগ্রামের মীরসরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ছালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে ছালাউদ্দিন এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন। বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুর উদ্দিন বলেন, ছালাউদ্দিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তবে কেউ যদি অপরাধ করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এর দায় দল বহন করবে না।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, উপজেলার ভোরবাজার থেকে ছালাউদ্দিনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।