রাজধানীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রসেনজিৎ চন্দ্র (২৫)। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসেনজিৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নারায়ণগঞ্জ জেলার বন্দরের বাসিন্দা। তার বাবার নাম শচীন চন্দ্র।
উদ্ধারকারী শিক্ষার্থীর বড় ভাইয়ের বন্ধু আপন দাস জানান, প্রসেনজিৎ মঙ্গলবার সকালে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ‘উৎসব পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে উঠেছিল। পথে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে বাসের অন্যান্য যাত্রী তার মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
“বাসটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে পৌঁছালে যাত্রীরা তাকে নামিয়ে দেন। এরপর আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি,” বলেন আপন দাস।
তিনি আরও জানান, প্রসেনজিতের কাছে মোবাইল ফোন পাওয়া গেলেও মানিব্যাগটি নিখোঁজ রয়েছে। “সে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে, কীভাবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল,” বলেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “প্রসেনজিতকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক ভর্তি নেন। বর্তমানে তিনি মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন।”