যমুনায় অসময়ে বাড়ছে পানি, শঙ্কায় চরাঞ্চলের কৃষক

যমুনায় অসময়ে বাড়ছে পানি, শঙ্কায় চরাঞ্চলের কৃষক

বর্ষা, শেষ শরতের পর হেমন্ত ঋতু। এই অসময়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বাড়ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২০ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।  

আবুল মিয়া, কুদরত আলী, আনোয়ার হোসেনসহ চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে তারা বলেন, একদিনে যমুনায় আড়াই ফুট পানি বাড়ছে। এই বছরে এ সময়ে  এটা একেবারেই অস্বাভাবিক। এভাবে আর দুই তিনদিন পানি বাড়লেই বন্যা হয়ে ফসলের মাঠ তলিয়ে যাবে। এতে শীতকালীন সবজিসহ বিভিন্ন আবাদ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।  

অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৬ মিটার। ২৪ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বেড়েছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই। আগামীকাল পর্যন্ত পানি বাড়বে। এরপর স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।  

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin