প্রযুক্তি জায়ান্টদের নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিচ্ছে ডেনমার্ক। দেশটি ঘোষণা করেছে, ১৫ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
শুক্রবার এ ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার, জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
তবে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। কীভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, বয়স যাচাইয়ের জন্য ডেনমার্ক একটি সরকারি অ্যাপ চালু করতে যাচ্ছে। ওই অ্যাপের মাধ্যমে বয়স নিশ্চিত করে ব্যবহারকারীদের প্রবেশাধিকার দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে ১৩ বছর বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুমতি দিতে পারবেন অভিভাবকেরা—একটি মূল্যায়ন প্রক্রিয়া শেষে।
কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিশ্বের বিভিন্ন দেশ এমন উদ্যোগ নিচ্ছে। এর আগে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এ বছরের ডিসেম্বর থেকে দেশটিতে এ আইন কার্যকর হবে।
অস্ট্রেলিয়ার নতুন আইন অনুযায়ী, টিকটক, স্ন্যাপচ্যাট, রেডিটের মতো প্ল্যাটফর্মগুলো যদি নিয়ম ভঙ্গ করে, তবে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে এখনও জাতীয় পর্যায়ে এমন কোনও নিষেধাজ্ঞা নেই। তবে বেশ কয়েকটি অঙ্গরাজ্য কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে বা আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে। এসব আইনের শর্তাবলি রাজ্যভেদে ভিন্ন। উদাহরণস্বরূপ, নেব্রাস্কা রাজ্যে ১৮ বছরের নিচে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাইলে অভিভাবকের অনুমতি নিতে হবে।