বাণিজ্যিক গাড়ির বিক্রি বাড়ছে

বাণিজ্যিক গাড়ির বিক্রি বাড়ছে

একটানা দুই বছর ধরে পণ্য পরিবহনকারী বাণিজ্যিক গাড়ির বাজারে ছিল মন্দাবস্থা। তাতে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, ডেলিভারি ভ্যানের মতো পণ্য পরিবহনকারী গাড়ির বেচাকেনাও কমে যায়। তবে দুই বছর পর মন্দা কাটিয়ে এই বাজারে বাণিজ্যিক গাড়ির বিক্রি বাড়তে শুরু করেছে, যদিও দুই বছর আগের তুলনায় তা এখনো কম।

পণ্য পরিবহনকারী বাণিজ্যিক গাড়ির বাজারে এমন চিত্র উঠে এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের আমদানির হিসাব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনের তথ্যে। বাণিজ্যিক গাড়ির এই হিসাবে রয়েছে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, রেফ্রিজারেটর ভ্যান, ডেলিভারি ভ্যান ইত্যাদি। এসব গাড়ির মধ্যে রয়েছে হালকা ও ভারী পণ্যবাহী।

পণ্যবাহী গাড়ির বাজারে ভারতীয় ব্র্যান্ড টাটা, অশোক লেল্যান্ড, আইশার ও মাহিন্দ্রা, চীনা ব্র্যান্ড ফোটনের অংশীদারত্ব বেশি। এ ছাড়া জাপানের মিতসুবিশি ব্র্যান্ডের পিকআপ ট্রাকও বাজারজাত হচ্ছে দেশে। এসব ব্র্যান্ডের গাড়ি সরাসরি তৈরি এবং বিযুক্ত অবস্থায় আমদানি হয়। বিযুক্ত অবস্থায় আমদানি হওয়া গাড়ি দেশে সংযোজন করে বাজারজাত করা হয়। এ ছাড়া চেসিসসহ ইঞ্জিন ও গাড়ির বডি আলাদাভাবে আমদানি করেও দেশীয় কারখানায় প্রস্তুত করা হচ্ছে বাণিজ্যিক গাড়ি।

বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ডগুলোর পরিবেশকেরা জানিয়েছেন, দেশে আমদানি–রপ্তানি বাণিজ্য বাড়ছে। আবার পুরোনো গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে মন্দাবস্থা কাটিয়ে সামনে পণ্যবাহী গাড়ির বাজার আরও বাড়বে।

দুই বছর পর বাড়ছে আমদানি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেবে দেখা গেছে, গত পাঁচ বছরে পণ্যবাহী বাণিজ্যিক গাড়ি সবচেয়ে বেশি গাড়ি আমদানি হয়েছে ২০২১–২২ অর্থবছরে। এ সময়ে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, ডাম্প ট্রাক, রেফ্রিজারেটর ভ্যান তৈরি ও বিযুক্ত অবস্থায় আমদানি হয় ২৮ হাজার ৮৯৭টি। পরের অর্থবছরে তা কমে আসে ১২ হাজার ৯৩৯টিতে। দুই বছরের মাথায়, অর্থাৎ ২৩–২৪ অর্থবছরে তা আরও কমে ১২ হাজার ৮১০টিতে নেমে আসে।

দুই বছর কমতে থাকা আমদানি ঘুরে দাঁড়াতে শুরু করে ২৪–২৫ অর্থবছরে। এ সময়ে বাণিজ্যিক গাড়ি আমদানি হয় ১৪ হাজার ১৯৭টি। এ হিসেবে এক বছরের ব্যবধানে পণ্যবাহী বাণিজ্যিক গাড়ি আমদানি বেড়েছে ১১ শতাংশ।

কখন কত গাড়ির নিবন্ধন

গাড়ি কেনার পর নিবন্ধন করাতে হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি গাড়ি নিবন্ধন হয়েছে ২০২১ সালে। এ সময় প্রতি মাসে গড়ে ১ হাজার ৮২৭টি গাড়ি নিবন্ধন হয়েছে। বিআরটিএ তথ্য অনুযায়ী, এরপর গাড়ির নিবন্ধন কমে যায়। তবে দুই বছর ধরে ধীরে ধীরে নিবন্ধনের সংখ্যা বাড়ছে। ২০২৪ সালে প্রতি মাসে গড়ে গাড়ি নিবন্ধন হয় ৯৫৪টি, যা এ বছর গড়ে বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০০টি।

ভারতের ব্র্যান্ডের প্রাধান্য, বিক্রি বাড়ছে চীনা ব্র্যান্ডের

পণ্যবাহী বাণিজ্যিক গাড়ির বাজারে অনেক দিন ধরেই শীর্ষে রয়েছে ভারতীয় ব্র্যান্ডগুলো। এ ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছে টাটা ব্র্যান্ডের গাড়ি। ভারতের শীর্ষস্থানীয় বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মোটরসের অনুমোদিত পরিবেশক নিটল–নিলয় গ্রুপের নিটল মোটরস। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে টাটা মোটরসের সহযোগী হিসেবে কাজ করে আসছে নিটল–নিলয় গ্রুপ। বাজারে সবচেয়ে বেশি অংশীদারত্ব নিয়ে দেশের বাণিজ্যিক গাড়ির জগতে প্রতিনিধিত্ব করছে তারা।

পণ্যবাহী গাড়ির বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে অশোক লে–ল্যান্ড ব্র্যান্ডের গাড়ি। ইফাদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইফাদ অটোস ১৯৮৫ সাল থেকে দেশে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের ট্রাক ও কাভার্ড ভ্যান বাজারজাত করে আসছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আইশার ব্র্যান্ডের গাড়ি। আইশার ট্রাকের স্থানীয় পরিবেশক রানার গ্রুপ। ভারতের এই তিন ব্র্যান্ড পণ্যবাহী গাড়ির বাজারে অনেক দিন ধরে প্রাধান্য বিস্তার করে আসছে। তবে এখন চীনের ব্র্যান্ডেরও ধীরে ধীরে বাজার অংশীদারত্ব বাড়ছে। যেমন দেশের বাজারে খুব দ্রুত চীনের ফোটন ব্র্যান্ড চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এই গাড়ির পরিবেশক এসিআই মোটরস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেবে, গত চার বছরের ব্যবধানে এই গাড়ির আমদানি গড়ে প্রতিবছর ৩৫ শতাংশ হারে বেড়েছে।

আমদানির তথ্য অনুযায়ী, এসব ব্র্যান্ড ছাড়াও ভারতের মাহিন্দ্রা ব্র্যান্ডের ট্রাক–পিকআপ এবং জাপানের মিতসুবিশি ব্র্যান্ডের পিকআপ বাজারজাত হচ্ছে দেশে।

পণ্য পরিবহন বাড়ছে, গাড়ি বেচাকেনা বৃদ্ধির আশা

পণ্যবাহী গাড়ির বাজার মূলত দেশে পণ্য পরিবহনের হার বৃদ্ধির ওপর নির্ভরশীল। মোটাদাগে দুই ধরনের পণ্য পরিবহনে পণ্যবাহী গাড়ি ব্যবহৃত হয়। এক. আমদানি–রপ্তানি পণ্য। দুই. দেশীয় উৎপাদিত কৃষিপণ্য ও কারখানায় তৈরি পণ্য।

জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে, ২৪–২৫ অর্থবছরে আমদানি–রপ্তানি পণ্য পরিবহন হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ টন, যা ২৩–২৪ অর্থবছরের তুলনায় ৫ শতাংশ বেশি।

গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, আমদানি–রপ্তানি পণ্য পরিবহন বাড়লে পণ্যবাহী গাড়ির বেচাকেনাও বাড়বে। অর্থাৎ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে এই খাতের বাজারের আকারও বাড়বে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin