বিশ্ব পর্যটন দিবস আজ ২৭ সেপ্টেম্বর। ১৯৮০ সাল থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) দিনটি পালন করছে। বিশ্বের প্রতিটি দেশে পর্যটনের গুরুত্ব, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের অবদান তুলে ধরতেই এ দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘টেকসই উন্নয়নে পর্যটন’। পর্যটনশিল্পকে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং বিশ্বজুড়ে শান্তি, সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম চালিকা শক্তি হিসেবে তুলে ধরাই এর মূল লক্ষ্য।
প্রতিবছরের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট ও সংগঠনও দিবসটিকে ঘিরে বিশেষ ছাড় দিচ্ছে ও প্রচারণা চালাচ্ছে।
দ্বিতীয় ‘অনলাইন ট্যুরিজম মেলা’
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো ‘অনলাইন ট্যুরিজম মেলা’ আয়োজন করছে প্রথম আলো ডটকম। ভ্রমণপ্রেমীদের জন্য এক প্ল্যাটফর্মেই প্রয়োজনীয় সব তথ্য ও অফার থাকবে এই মেলায়। ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত মেলা চলবে। এতে অংশ নেবে পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শীর্ষ ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট, এয়ারলাইনস ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ। মেলা চলাকালীন ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ ছাড়, অফার এবং নতুন গন্তব্যের তথ্য জানার সুযোগ দেবে প্রতিষ্ঠানগুলো।
সাত দিনব্যাপী এ মেলায় থাকবে ভ্রমণবিষয়ক বিভিন্ন ফিচার, দেশ-বিদেশের জনপ্রিয় ভ্রমণ-স্থানগুলোর পরিচিতি, ভ্রমণের নানা পরামর্শমূলক ভিডিও, তারকাদের রিভিউ ভিডিও, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন হোটেল ও রিসোর্টের খুঁটিনাটি নানা তথ্য। এবারের ট্যুরিজম মেলার টাইটেল স্পনসর ‘রুচি’, ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
‘অনলাইন ট্যুরিজম মেলা’য় ভ্রমণসংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আগ্রহীদের ৫ অক্টোবর ২০২৫-এর মধ্যে ০১৭৩৮-২৪৩২৭৭ নম্বরে অথবা [email protected] মেইলে যোগাযোগ করতে হবে। মেলায় অংশ নিতে নিবন্ধন করুন।