বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ চার দফা দাবিতে সমাবেশ করছে ইসলামী শ্রমিক আন্দোলন। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
এদিকে, শুক্রবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সমাবেশস্থলে ভীড় করে সংগঠনের নেতাকর্মীরা।
নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর ও ভোটের আগেই বিগত সরকারের আমলে নানা অপকর্মের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে। এ সময় দাবির বিষয়ে সরকার আন্তরিক না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।
নেতারা আরও বলেন, বৈষম্য রোধ করতে বিগত সরকারকে ছাত্র-জনতা ক্ষমতাচ্যুত করেছিল। কিন্তু এখনো সমাজের বিভিন্ন স্তর থেকে বৈষম্য দূর হয়নি। শ্রমিকদের নিয়ে সবাই রাজনীতি করে। ইসলামী নীতির বাস্তবায়ন ছাড়া তাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
/আরএইচ