ঢাকায় দিনব্যাপী চাকরি মেলা, তাৎক্ষণিক বাছাইয়ে চাকরি পেলেন ৫৪ জন

ঢাকায় দিনব্যাপী চাকরি মেলা, তাৎক্ষণিক বাছাইয়ে চাকরি পেলেন ৫৪ জন

এডুকো বাংলাদেশ ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) তত্ত্বাবধানে ও চাইল্ডফান্ড কোরিয়ার অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে ‘জব এক্সপো ২০২৫: যুবদের হাতেই ২১ শতকের নেতৃত্ব’ শীর্ষক চাকরি মেলা ও পরামর্শ সভা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চাকরি মেলা শুরু হয়, তিন পর্যায়ের অনুষ্ঠান শেষ হয় বিকেল ৫টায়।

‘জব এক্সপো ২০২৫’-এর উদ্বোধন করেন এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ। প্রথম পর্যায়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, ‘যেমন করে যুবসমাজকে চাকরির জন্য প্রস্তুত করতে হবে, তেমনি চাকরির বাজারকেও তাঁদের গ্রহণ ও সম্পৃক্ত করতে প্রস্তুত থাকতে হবে।’

চাকরির মেলায় অংশগ্রহণ করে প্রাণ, আরএফএল, বিডিজবস, ওয়ালটনসহ ৩৪টি প্রতিষ্ঠান। এ সময় ৭৪৮ জন চাকরিপ্রার্থী সিভি জমা দেন। তাৎক্ষণিক বাছাই শেষে ৫৪ জন চাকরি পান। সাক্ষাৎকারের (ইন্টারভিউ) জন্য নির্বাচিত হন আরও ১৫৩ জন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নাম ঘোষণা করা হয়। তাঁদের কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন অতিথিরা।

দ্বিতীয় পর্যায়ে টেকনিক্যাল সেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ এনার্জি ও রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠানের এ পর্যায়ে আসা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ক্যারিয়ার, ইন্টারভিউসহ চাকরির ক্ষেত্রে জরুরি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। যুবকদের পরিশ্রমের প্রতি উদ্বুদ্ধ করে তিনি বলেন, ‘মেলায় এসে চাকরি পাওয়া একটি অসাধারণ অভিজ্ঞতা। এই বয়সে কাজ করতে হবে। মা–বাবা বা প্রতিষ্ঠান যে কাজ দিবে, তা উৎসাহ নিয়ে করতে হবে। আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজেক্ট চলত, বিভিন্ন দক্ষতা শেখানোর প্রশিক্ষণ দিত। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সিএনজিচালিত অটোরিকশা চালানোর প্রশিক্ষণ নিয়েছি।’

কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কে এম কবিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের স্কুল–কলেজে চায়না ভাষা শেখানো প্রয়োজন। চীনের মার্কেট বড় হচ্ছে, তাদের লোক লাগবে। বাংলাদেশ থেকে তারা লোক নিবেও। কারিগরি থেকে বেশি নিবে। আমরা শুধু দেশের মধ্যে নই, দেশের বাইরেও চাকরির চেষ্টা করব।’

চাকরির মেলায় উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যান নাজনীন কাউসার চৌধুরী, যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম এবং ইএসডিওর নির্বাহী পরিচালক মো: শহীদ-উজ জামানসহ আরও অনেকে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin