সাত বছরের দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তাকে দলে নিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে সিরিজটি শুরু হবে ২৯ অক্টোবর।
৩৯ বছর বয়সী ক্রিমার সর্বশেষ জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন ২০১৮ সালে। এরপর ক্রিকেট ছেড়ে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। পেশা বদলে মন দেন গলফে। তার স্ত্রী মের্না সেখানেই একজন এয়ারলাইন পাইলট হিসেবে কাজ করেন। তবে চলতি বছরের শুরুর দিকে তিনি দেশে ফিরে জাতীয় দলে ফেরার লক্ষ্যে ক্লাব ক্রিকেটে অংশ নিতে শুরু করেন।
আফ্রিকা রিজিওনাল কোয়ালিফায়ারে জিম্বাবুয়ে অপরাজিত থেকে আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সেই কোয়ালিফায়ারে ক্রেমার অংশ নিতে না পারলেও এবারে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে তাকে সুযোগ দেওয়া হয়েছে।
১৫ সদস্যের অপরিবর্তিত সেই স্কোয়াডে একমাত্র পরিবর্তন ক্রিমার। তিনি পেসার ট্রেভর গোয়ান্ডুর বদলে জায়গা নিয়েছেন। শুক্রবার জিম্বাবুয়ে ক্রিকেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অলরাউন্ডার শন উইলিয়ামস এখনও ব্যক্তিগত কারণে দলে নেই।
পুরো সিরিজই অনুষ্ঠিত হবে হারারেতে। একই ভেন্যুতে আগেই আফগানিস্তান সফরের একমাত্র টেস্টটি হয়েছিল। প্রথম টি–টোয়েন্টি হবে ২৯ অক্টোবর, দ্বিতীয়টি ৩১ অক্টোবর ও শেষ ম্যাচ ২ নভেম্বর।
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। তাতে ২০টি দল অংশ নেবে। টুর্নামেন্টটি ফেব্রুয়ারি-মার্চের মধ্যে হওয়ার কথা রয়েছে।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনইওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর।