গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত

গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে চাপা পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬-৭ জন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হলেন– আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫); একই গ্রামের জয়নুলের ছেলে নূও আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। সে সময় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। ভটভটিতে থাকা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, সকালে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় ভটভটি উল্টে চাপা পড়ে দুই জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin