রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনকে গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, টুনটুন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসায় সক্রিয়। গ্রেফতোরের সময় তার কাছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।
টুনটুনের বিরুদ্ধে কমপক্ষে ৬টি হত্যা মামলাসহ প্রায় ২০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সরকারি পুলিশ সুপার খান আসিফ তপু জানান, তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, “টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ বহু মামলা রয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধচক্র দুর্বল হয়ে পড়বে।”