মীরসরাইয়ে ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

মীরসরাইয়ে ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রদলের তিন নেতাকে বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের দফতর সম্পাদক নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত তিন জন হলেন– মীরসরাই পৌর ছাত্রদলের সদস্যসচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃতদের কোনও ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।’

বহিষ্কৃতদের বিরুদ্ধে ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোনোরূপ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বহিষ্কার হওয়া মীরসরাই পৌর ছাত্রদলের সদস্যসচিব ইনজামামুল হক ইমন জানান, এই বহিষ্কার আদেশ ষড়যন্ত্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রবিবার সকালে স্থানীয় নিজামপুর কলেজে ২৪ ও ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সে ঘটনাকে কেন্দ্র করে দুপুরে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে নিয়ে আসায় বিকালে ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এরপর সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin