নচিকেতা মানেই একটু আলাদা কিছু। সেই নচিকেতা এবার গাইলেন ‘দখিনা বাতাস’—যা মূলত জীবন ও সম্পর্কের নানা রঙের চিত্রায়ণ। এই গানটিতে যেমন পাওয়া যাবে চিরায়ত নচিকেতাকে, তেমনি মিলবে এক নতুন সুরের ছোঁয়াও।
গানটির সঙ্গে নির্মিত হয়েছে গল্পনির্ভর নান্দনিক এক ভিডিও, যা নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, জারা নূর ও আরাবি নোমান।
গানটির কথা লিখেছেন সোহেল আলম। তিনি জানান, স্পৃহা মাল্টিমিডিয়ার জন্য দশটি গানের একটি প্রজেক্ট হাতে নিয়েছেন-‘দখিনা বাতাস’ সেই সিরিজেরই একটি গান। এর সুর ও সংগীত করেছেন ডাব্বু। jwARI.fetch( $( "#ari-image-jw68f4c22b4df55" ) ); গানটি নিয়ে নচিকেতা বলেন, ‘বেশ কয়েক মাস আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। আমি যেমন গান চাই—যেখানে কথার গভীরতা আর অনুভব থাকে-এই গানটি ঠিক তেমনই। তাই নিশ্চিতভাবেই আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
গীতিকার সোহেল আলম বলেন, ‘নচিকেতা মানেই আলাদা কিছু। গানটির কথাও জীবনমুখী; সম্পর্কের টানাপোড়েনের গল্প এতে আছে। নচিকেতা গাইছেন-এটাই আমার জন্য বড় প্রাপ্তি। বিশ্বাস করি, শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।’
গানের কথার সঙ্গে মিল রেখে সিনেমাটিক দৃশ্যায়ন করার চেষ্টা করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ। তার ভাষ্য, ‘নচিকেতার গান বলেই নির্মাণে বাড়তি চাপ ছিল। সেই চাপ থেকেই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’
‘দখিনা বাতাস’ প্রকাশ হয়েছে স্পৃহা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।