যুবদল নেতা নয়নের চাঁদাবাজি ও দুর্নীতির অপরাধ ঢাকতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এমন অভিযোগ করেছেন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
সোমবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর আখ্যায়িত করে তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতারা বলেন, গঠনমূলক বক্তব্যে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের চাঁদাবাজির বিষয়ে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য জাতীয় নাগরিক পার্টি -এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সর্বদা সত্য ও যুক্তিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তার বক্তব্য ছিল— জনতার অধিকার ও রাজনৈতিক শুদ্ধতার প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। কারা চাঁদাবাজি করছে তা সবার সামনে স্পষ্ট। চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্তরা তাদের অপরাধ লুকানোর জন্যই নাসিরউদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেছে।
তারা আরও বলেন, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মামলা বাংলাদেশের উদীয়মান তরুণ রাজনীতিকে ভয় দেখানোর একটি অপচেষ্টা। জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সত্য বলার অপরাধে কাউকে আইনি হয়রানির মুখে ফেলা কোনোভাবেই গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
দ্রুত সময়ের মধ্যে এ মামলা প্রত্যাহার এবং প্রকৃত চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে তারা যুবদলের প্রতি আহ্বান জানান।