রাকসু-চাকসু নির্বাচন ভালোভাবেই সম্পন্ন হবে: শিক্ষা উপদেষ্টা

রাকসু-চাকসু নির্বাচন ভালোভাবেই সম্পন্ন হবে: শিক্ষা উপদেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন নিয়ে অনেক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে প্রতিষ্ঠান দুটিতে। ভালোভাবেই নির্বাচন দুটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা আজকে এখানে অভিজ্ঞতা শেয়ার করেছি। অনেক দিন পর ডাকসু ও জাকসুতে নির্বাচন হলো। সেটা যেকারণেই হোক নির্বাচন দুইটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সামনে আরও দুইটা নির্বাচন হতে যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে। নির্বাচনে কোনগুলো কাজ করেছে কোনগুলো কাজ করেনি তারা সেটা বলেছেন। অন্যদের প্রস্তুতি কেমন আছে, কোনো পর্যায়ে আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

তিনি বলেন, যাতে সামনের দুইটা নির্বাচন সুষ্ঠুভাবে হয়, সেই প্রক্রিয়াটাই তারা চান। কোন বিষয়গুলো নিয়ে একটু ভালো করে করতে হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

রাকসু নির্বাচনে ভোট হাতে গণনা করার দাবি জানানো হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, সেক্ষেত্রে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে ভালো হবে। আমরা সাধারণ আলোচনা করেছি।

অধ্যাপক আবরার বলেন, নির্বাচন নিয়ে অনেক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে দুটি প্রতিষ্ঠানেই। আমরা আশা করছি ভালোভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সম্পন্ন হবে।

জিসিজি/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin