সাদিয়া, নীহা ও তটিনীদের নিয়ে যা বললেন জোভান

সাদিয়া, নীহা ও তটিনীদের নিয়ে যা বললেন জোভান

মিশন ব্যাংকক

জোভান এখন থাইল্যান্ডে আছেন। ব্যাংককের পাতায়াতে শুটিং করছেন। কথা প্রসঙ্গে জানালেন, সপ্তাহখানেক আগে এসেছেন। ফিরেছেন ১৭ সেপ্টেম্বর। নতুন তিনটি নাটকের শুটিং করতে দেশটিতে যাওয়া। কোনো নাটকের নামই এখনো ঠিক হয়নি। নাম ঠিক না হওয়া এসব নাটকের পরিচালকেরা হলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মীর আরমান হোসেন ও সাজ্জাদ হোসেন বাপ্পী। তিনটি নাটকেই জোভানের সহশিল্পী সাদিয়া আয়মান।

জোভান বলেন, ‘গল্পগুলো প্রেমের। বেশ আনন্দ নিয়ে শুটিং করছি। পাতায়াতে কাজ করলেও লোকেশনে একটা বৈচিত্র্য থাকবে।’ শুটিং শেষে ঘোরাঘুরির পরিকল্পনা থাকলেও এ যাত্রায় সেটা বাদ দিতে হচ্ছে। কারণ, ১৮ সেপ্টেম্বর তাঁর জন্মদিন।

জোভান বললেন, ‘এবার আমার বয়স ৩৩ হবে। পরিবারের সঙ্গে দিনটি উদ্‌যাপন করা হয় সব সময়। রিসেন্টলি পরিবার বড় হয়েছে, যোগ হয়েছে শ্বশুরের পরিবার (গত বছরের জানুয়ারিতে বিয়ে করেছেন জোভান)। দিনটি নিয়ে দুই পরিবারের মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। রাত ১২টায় কেক কাটা। পরদিন সবাই মিলে খেতে যাওয়া। জন্মদিনে স্পেশাল ফিল হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঢুকলে এবং বাস্তব জীবনেও দিনটা আমারই মনে হয়। সবাই নানা কিছু লেখেন, যা আমাকে অনুপ্রাণিত করে।’

প্রেক্ষাগৃহে কবে

নাটকে অভিনয় শুরুর তিন বছরের মাথায় চলচ্চিত্রে অভিনয় করেন জোভান। ‘অস্তিত্ব’ দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক। অনন্য মামুন পরিচালিত ছবিটিতে জোভানের বিপরীতে ছিলেন সেমন্তি সৌমী। ছবির ‘অন্তর খোঁজে’ গানের মন্তব্যের ঘরে অনেকেই বলেছেন, জোভানের নিয়মিত সিনেমায় অভিনয় করা উচিত। এরপর আট বছর পেরিয়ে গেছে, কিন্তু সিনেমা হলে আর তাঁকে দেখা যায়নি। আসলে এই সিনেমার অভিজ্ঞতা তাঁর জন্য খুব একটা সুখকর ছিল না।

জোভান বলেন, ‘আমরা যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা। একটা সময় অপূর্ব ভাই করেছেন। আফরান নিশো ভাই করছেন এখন। নাটকের মানুষের আলটিমেট লক্ষ্যই কিন্তু সিনেমা। ওইটার জন্য অনেক প্রস্তুতিরও দরকার। তবে ‘অস্তিত্ব’ এমন সময়ে করেছি, যখন অনেক কিছু বুঝে উঠতে পারিনি।’ জোভান বলেন, ‘এখনো মানসিকভাবে প্রস্তুত নই। তবে আমি চাই, বড় পর্দায় কাজ করতে, জানি না কবে আসবে সেদিন।’

প্রসঙ্গ যখন সহশিল্পী

অভিনয়ের এক যুগ পার করেছেন জোভান। ২০১৩ সালে আতিক জামানের ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’ দিয়ে শুরু। মোশাররফ করিম, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মুমতাহিনা টয়াসহ অনেকে অভিনয় করেন। এই নাটকে সাফা কবির ও মুমতাহিনা টয়া ছিলেন তাঁর সহশিল্পী। সময়ের সঙ্গে মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, কেয়া পায়েলের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। এখন সাদিয়া আয়মান, নাজনীন নীহা ও তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে কাজ করছেন। জোভান জানান, তিনজনই খুব ভালো করছে।

তিন তারকার তিনটি দিক বলতে গিয়ে জোভান বলেন, ‘সাদিয়ার অভিনয় খুবই ন্যাচারাল। তটিনীর মধ্যে শেখার আগ্রহ অনেক বেশি। কাজের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। নীহা খুবই গ্ল্যামারাস ও সুইট। তার মধ্যেও শেখার আগ্রহ আছে।’

মুক্তি পেয়েছে ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আজ তাঁর জন্মদিন।

Comments

0 total

Be the first to comment.

বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন আরশরা Prothomalo | নাটক

বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন আরশরা

গতকাল বৃহস্পতিবার দুর্গাপূজার বিজয়া উপলক্ষে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা ইয়াশ রোহান। ছবিতে তা...

Oct 03, 2025

More from this User

View all posts by admin