সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, বিমানবন্দরে আখতার-জারার সংবাদ সম্মেলন বর্জন

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, বিমানবন্দরে আখতার-জারার সংবাদ সম্মেলন বর্জন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ‘দুর্ব্যবহারের’ ঘটনা ঘটে। অবশ্য যখন এই ঘটনা ঘটে, তখন আখতার হোসেন ও তাসনিম জারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি।

ঘটনার বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। এনপিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণসাপেক্ষে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। নয় দিনের নিউইয়র্ক সফর শেষে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা আজ সকাল ৯টায় ঢাকায় আসেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সদস্য মোহাম্মদ নকিবুর রহমান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

বিমানবন্দরের ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক প্রথম আলোকে বলেন, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আখতার হোসেন ও তাসনিম জারার জন্য ফুল নিয়ে পাশেই অবস্থান করছিলেন এনসিপির কিছু নেতা-কর্মী। হুমায়ূন কবিরের বক্তব্য চলার মধ্যেই এনসিপির নেতা-কর্মীরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন। এতে হুমায়ূন কবিরের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হচ্ছিল। এনসিপির নেতা-কর্মীদের এভাবে উচ্চস্বরে স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করেন একজন সাংবাদিক। তখন এনসিপির কিছু নেতা-কর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। একে কেন্দ্র করে সাংবাদিকেরা বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে সাংবাদিকেরা চলে যাচ্ছেন। তখন এনসিপির কয়েকজন নেতা সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন না করার অনুরোধ করছেন। ক্ষুব্ধ সাংবাদিকদের অনেকে এনসিপির নেতা-কর্মীদের দুর্ব্যবহারের সমালোচনা করছেন।এনসিপির এক নেতাকে সাংবাদিকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কিছু মানুষের জন্য সবাইকে ভুল বুইঝেন না, প্লিজ’। তবে এনসিপি নেতার এমন আবেদনে সাংবাদিকেরা সাড়া দেননি। জবাবে এক সাংবাদিক বলেন, ‘এবার ফাঁকা করে দিছি, বহু জায়গা হইছে, আপনারা মিছিল করেন।’ এনসিপির নেতা-কর্মীদের অনুরোধ না শুনে সাংবাদিকেরা চলে যান।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin