প্রথমবারের মতো বাংলাদেশে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে গতকাল সোমবার রাতে এক ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তিনি। বাংলাদেশ সফরকালে কয়েকটি আয়োজনে অংশ নেবেন এই তারকা।
আয়োজক সূত্রে জানা গেছে, পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সম্প্রতি বাজারে এসেছে প্রতিষ্ঠানের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই তাঁর বাংলাদেশ সফর।
স্বল্প সময়ের মধ্যেই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে হানিয়া জায়গা করে নিয়েছেন দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত তারকা হিসেবে। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। রোম্যান্টিক, কমেডি, গ্ল্যামারাস কিংবা চরিত্রাভিনয়—সব ক্ষেত্রেই প্রশংসিত হয়েছেন তিনি। বাংলাদেশেও রয়েছে তাঁর অসংখ্য ভক্ত।
হানিয়া আমিরের বাংলাদেশ সফরের অনুষ্ঠানসংক্রান্ত তথ্য জানা যাবে সানসিল্ক বাংলাদেশের ফেসবুক পেজে।