সংঘাতমুখী রাজনীতিকে না বলুন: মঞ্জু

সংঘাতমুখী রাজনীতিকে না বলুন: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বাংলাদেশের মানুষ এখন সেই পুরোনো সংঘাতমুখী বিভেদের রাজনীতি আর দেখতে চায় না। সংঘাতমুখী রাজনীতিকে আপনারা না বলুন।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানার উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা-৫ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রহমান আব্বাসীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, পুরাতন রাজনৈতিক দলগুলো গত ৫৩ বছরে দেশকে শুধু সংঘাত ও বিভেদের রাজনীতিই উপহার দিয়েছে। কে জাতির পিতা, কে স্বাধীনতার ঘোষক, কে ভারত, পাকিস্তান বা আমেরিকার দালাল এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারা জাতিকে বিভক্ত করেছে।

বিএনপি ও জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি; এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জনগণই পারে নির্বাচনের মাধ্যমে এই দুদলের অহংকার চুর্ণ করে দিতে। 

জনগণকে উদ্দেশ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এসব দলের সংঘাতমুখী রাজনীতিকে আপনারা না বলুন। মানুষ এখন পরিবর্তনের রাজনীতি চায়। পুরাতন সংঘাতমুখী রাজনীতি জনগণ আর গ্রহণ করছে না। বিএনপি-জামায়াতসহ পুরানো দলগুলো দেশকে সংঘাতময় পরিস্থিতিতে নিয়ে গেছে, যার ফলেই নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাসিনার গুম-খুন ও আয়নাঘরের নির্যাতন থেকে মুক্তির জন্য আমরা সবাই মিলে লড়েছি—বিএনপি, জামায়াত, হেফাজত, ছাত্ররা সবাই। লড়েছি যেন এই অপকর্ম আর না ঘটে, যেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার না হয়। আমরা লড়েছি আগের থেকে ভালো বাংলাদেশের জন্য। আমরা চাই জনগণের ভাগ্যের আমূল পরিবর্তন।

তিনি আরও বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করছি। এমন একটি রাষ্ট্র যেখানে কেউ ফুটপাতে বসে বা ফুটপাতে কুকুরের সঙ্গে একসঙ্গে ঘুমতে বাধ্য হবে না। রাষ্ট্রের ওপর জনগণের যে ন্যায্য দাবি রয়েছে তা বাস্তবায়ন করে জনগণের পাওনা ফিরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য এবং সেই লক্ষে আমরা কাজ করছি।

এবি পার্টির নীতির বিষয়ে মঞ্জু আরও বলেন, ব্যক্তি নির্ভর রাজনীতি থেকেই স্বৈরাচার জন্ম নেয়। যখন ব্যক্তি পতন ঘটে, তখন পুরো দলের পতন হয়। কিন্তু এবি পার্টি কোনও ব্যক্তি নির্ভর দল নয়, আমরা বিশ্বাস করি জনগণের ক্ষমতায়নে। এবি পার্টি সমস্যা সমাধানভিত্তিক রাজনীতি নিয়ে মাঠে নেমেছে, যার মূল নীতি হচ্ছে জনগণের সমস্যার সমাধান করা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানা, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এবং কেন্দ্রীয় জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সহ-সম্পাদক রাশেদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফসহ দলীয় নেতারা।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin