সোনার বাংলা সার্কাসে একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ 

সোনার বাংলা সার্কাসে একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ 

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’ শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচালার সেন্টার  আরসিসি) ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে তাদের একক সিরিজ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। এই লাইভ কনসার্টের মধ্য দিয়েই শেষ হচ্ছে ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের সিরিজ একক কনসার্টের।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, দ্রুতই এই ব্যান্ডের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’ বের হতে যাচ্ছে। এরপর ব্যান্ডটি নতুন অ্যালবামের গানগুলো নিয়ে সারাদেশে একক কনসার্টের আয়োজন করবে।  

‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ মূলত তাদের জনপ্রিয় অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ এর লাইভ পারফরম্যান্স। এর আগে গত চার বছরে ঢাকায় তিনবারসহ খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ একক কনসার্টের আয়োজন করেছিল ব্যান্ডটি।  

ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন বলেন, কোনো ব্যান্ডকে ভালো মতো চেনার উপায় তাদের অ্যালবাম ও একক কনসার্ট। সাধারণত আমাদের দেশে যেমন ধরনের লাইন-আপ কনসার্ট হয় সেখানে সময়ের স্বল্পতা থাকে স্বাভাবিকভাবেই। যার ফলে যারা ব্যান্ডকে ভালোবাসে তারা অতৃপ্ত থেকে যায়। এই কারণে আমাদের নিজস্ব উদ্যোগে এই একক কনসার্ট। ব্যান্ড ধীরস্থির ভাবে দীর্ঘ সময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে। আর যেহেতু ঐ ব্যান্ডের গানপ্রেমীরাই সব সেখানে থাকবে তাই কোনো ধরণের অস্থিরতা ছাড়াই গান পরিবেশন করা যাবে। এই কারণেই আমরা খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে এই একক কনসার্টের আয়োজন করেছি। খুলনাতে আসলে আমরা কোনো ভেন্যু পাইনি।  

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই কনসার্টের সব টিকেট বিক্রি হয়ে গেছে। সোনার বাংলা সার্কাসের একক কনসার্টে হায়েনা এক্সপ্রেসের সব গান ছাড়াও নতুন অ্যালবামের কয়েকটি গানও পরিবেশন করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। তারা এখন প্র্যাকটিস প্যাডে ব্যস্ত সময় পার করছেন।  

বিদায় হায়েনা এক্সপ্রেসে গান ছাড়াও অন্য আরো চমক থাকছে। কবিতা, জোকারদের পারফর্মিং আর্টসহ আরও অনেক কিছু। মোট ৩ ঘণ্টার এই কনসার্টের পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন, সব কিছুতেই থাকবে চমক। যেটাকে ব্যান্ডের ভাষায় কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট বলা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারিতে বের হয় তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’-এর মতো গানে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে ব্যান্ডটি। ইতোমধ্যেই তারা দেশ-বিদেশের দুইশত-এর বেশি কনসার্টে পারফর্ম করেছে।  

সোনার বাংলা সার্কাসে বর্তমান লাইন-আপ: প্রবর রিপন (ভোকাল ও গিটারিস্ট), শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটারিস্ট), শাকিল হক (বেজ গিটার), সাদ চৌধুরী (কি-বোর্ড) ও সামিউল মমিত (ড্রামার)।  

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin