প্রাইভেটকারচালকদের শ্রমের স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি

প্রাইভেটকারচালকদের শ্রমের স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘প্রাইভেটকারচালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, তাদের কাজের জন্য সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। তাদের সংগঠন ইউনিয়ন করার অধিকার দিতে হবে।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা প্রাইভেটকারচালক ইউনিয়নের এক বছর পূর্তিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

সাকি বলেন, ‘প্রাইভেটকার চালানো একটা সুনির্দিষ্ট পেশা। প্রাইভেটকারচালকরা সকাল থেকে রাত অবধি ডিউটি করেন, শ্রম দেন। কিন্তু এই পেশা এবং শ্রমের কোনও সরকারি বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশের প্রতিশ্রুতি ছিল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করা। গত ৫৪ বছরে এই মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। যে ফ্যাসিস্ট সরকারগুলো এ দেশে ক্ষমতায় এসেছিল তাদের শিরোমণি শেখ হাসিনাকে আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থান করে দেশ থেকে বিতাড়িত করেছে। ১৯৭১ সালে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে, সেটা আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন করে আমরা দেখেছি।’

তিনি আরও বলেন, ‘এই দেশের পঁচানব্বই ভাগ মানুষ খেটে খাওয়া। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, শ্রমজীবী, শহরে-গ্রামে প্রতিদিন শ্রম দেন, সম্পদ তৈরি করেন। আমাদের দেশের এই খেটে খাওয়া মানুষরা বিদেশে গিয়ে প্রবাসী শ্রমিক হিসাবে দিন-রাত খেটে এই দেশে রেমিট্যান্স পাঠান। আর তার ফলেই জিডিপি বাড়ে। তার ফলেই বাজেট বাড়ে। আমাদের সমৃদ্ধি বাড়ে। কিন্তু যারা শ্রম দিয়ে সম্পদ তৈরি করেন তাদের অধিকার পাওয়া যায় না। তাদের মর্যাদা দেওয়া হয় নাই।’

তিনি বলেন, ‘আজকে এই অভ্যুত্থানের পরে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছে। নতুন করে শ্রম আইন হবে। আমরা পরিষ্কার করে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যারা শ্রম দেবে তাদের শ্রমের স্বীকৃতি থাকতে হবে। আপনারা কেবলমাত্র শিল্পপ্রতিষ্ঠানের একটা সংজ্ঞা তৈরি করে তারপর আপনারা ইউনিয়ন করার অধিকার দেবেন। শিল্পপ্রতিষ্ঠান যদি না হয় তাহলে শ্রমের কোনও স্বীকৃতি নাই, মূল্য নাই। এটা কোনও আইনের বিধান হতে পারে না।’

জোনায়েদ সাকি বলেন, ‘নাগরিক মর্যাদা মানে আপনাদের প্রথমেই সকল শ্রমের স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। আজকে প্রাইভেটকারচালকদের জন্য কোনও নীতিমালা নেই। তারা যে শ্রম দেয়, তাদের কোনও কর্মঘণ্টা নাই। তাদের কোনও নিয়োগপত্র নাই। তাদের কোনও সুনির্দিষ্ট বেতন নাই। তাদের কোনও সাপ্তাহিক ছুটি নাই। তারা রাস্তায় যদি দুর্ঘটনার শিকার হন অথবা রাস্তাঘাট ব্যবস্থাপনার কাঠামোগত আয়োজনের কারণে তারা দুর্ঘটনার নামে একটা ভয়ানক বিপজ্জনক ফাঁদে পড়েন- তখন তাদের মৃত্যু হয় অথবা আহত হয়ে তারা পঙ্গু হয়ে যান। তাদের পরিবারকে দেখার কেউ থাকে না।’

তিনি বলেন, ‘যখনই আপনি আরেকজনকে কোনও কাজে নিযুক্ত করবেন, সেই কাজের জন্য সুস্পষ্ট চুক্তি থাকতে হবে। কাউকে শ্রমে যুক্ত করার চুক্তি না থাকলে তাকে যেনতেন প্রকারে ব্যবহার করা যায়। এইভাবে ব্যবহার করা কোনও সভ্য দেশে চলতে পারে না।’

জোনায়েদ সাকি বলেন, ‘যারা প্রাইভেটকারচালক তাদের কাজের জন্য সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। তাদের সংগঠন ইউনিয়ন করার অধিকার দিতে হবে। বাংলাদেশের কোনও শ্রমিক, কোনও ক্ষেত্রে, কোনও পেশার মানুষ যাতে সংগঠন করার অধিকার থেকে, ইউনিয়ন করার অধিকার থেকে বঞ্চিত না হয় সেভাবে সংস্কার, আইন, বিধান, নীতিমালা আপনাদেরকে তৈরি করতে হবে।’

ঢাকা প্রাইভেটকারচালক ইউনিয়নের সভাপতি মো. শহীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রাইভেটকারচালক ইউনিয়নের উপদেষ্টা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান ও ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আখতার, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, সংগঠনের বিশেষ উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী বিলকিস নাসিমা রহমান প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin