রাকসু নির্বাচন: শুরু হয়েছে ভোট গণনা

রাকসু নির্বাচন: শুরু হয়েছে ভোট গণনা

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ভোট গণনা শুরু হয়।

এর আগে শিক্ষার্থী ও পর্যবেক্ষকদের সামনে ভোট গণনার মেশিন পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে মন্নুজান হলের ভোট গণনার মধ্য দিয়ে শুরু হয় রাকসু নির্বাচনের ভোট গণনা।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ভোট গণনা শুরুর আগে মেশিনগুলো সবার সামনে পরীক্ষা করা হয়েছে। একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। কয়েকজন প্রার্থী কিছু অভিযোগ করেছেন। তবে সেগুলো খুবই ছোট অভিযোগ।

ভোট গণনা শেষ হতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ১৭টি হল। প্রতিটি হলের ভোট গণনা করতে এক ঘণ্টা করে লাগলেও ১৭ ঘণ্টা লাগবে। তবে আমরা আশা করি ১৫-১৬ ঘণ্টার মধ্যে ফলাফল দিয়ে দিতে পারবো।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বিভিন্ন প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

নির্বাচনে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

তিনি জানান, নির্বাচনে আনঅফিশিয়ালি ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে ভোট গণনা শেষ হলে সঠিক তথ্য জানা যাবে।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫। আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

রাকসুতে মোট পদ ২৩টি, মোট প্রার্থী ২৪৭। এর মধ্যে পুরুষ ২২২ জন এবং নারী প্রার্থী ২৫ জন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। প্রত্যেক হল ছাত্র সংসদে ১৫টি করে মোট ২৫৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন ৬০১ জন প্রার্থী। এর মধ্যে ছেলেদের ১১টি হলের ৪৬০ জন প্রার্থী এবং ৬টি নারী হলের প্রার্থী সংখ্যা ১৪১।

এসসি/এমইউএম/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin